তাড়াইলে রাতে থানায় হামলা ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় প্রতিপক্ষ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে থানায় হামলা হয়েছে। এ সময় পুলিশ লাঠিপেটা করে ও তিনটি ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলায় নেতৃত্বদানকারী ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমান ওরফে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কর্মী আবদুর রাজ্জাকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রাজ্জাক পাইপগান বের করে সাজেদুরকে গুলি করার হুমকি দেন। খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ সেকান্দারনগর গ্রামের আবদুর রাজ্জাকের দোকান থেকে একটি পাইপগানসহ রাজ্জাককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার করা আবদুর রাজ্জাককে থানা থেকে পুলিশ ছেড়ে দিতে পারে—এমন আশঙ্কায় রাত নয়টার দিকে সাজেদুর রহমানের নেতৃত্বে কয়েক শ লোকের একটি মিছিল থানায় যায়। একপর্যায়ে মিছিলকারীরা থানা ভবনের দরজা-জানালা ও ফটকে লাঠিসোঁটা দিয়ে আঘাত এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে তিনটি ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্নান আলী জানান, জনতার হামলায় পুলিশের নয় সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এএসআই সুজন কুমার পণ্ডিত বাদী হয়ে গতকাল বুধবার ১৯ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা করেছেন। পুলিশ গতকাল আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মাওলানা আবু ছাইম, শফিকুল্লাহ মামুন, ননু মিয়া, ফুল মিয়া ও বকুল মিয়া। এএসআই সুজন কুমার পণ্ডিত জানান, জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে গ্রেপ্তার করা আওয়ামী লীগের কর্মী আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এএসআই জাহাঙ্গীর বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।