তাড়াইলে শিশু হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে সাত মাসের শিশুকন্যাকে হত্যার অভিযোগে গতকাল শুক্রবার তাড়াইল থানায় মামলা হয়েছে। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের বাসিন্দা শিশুটির বাবা মো. ফারুক মিয়া মামলাটি করেন।অভিযোগে বলা হয়, গত সোমবার মামলার বাদী ফারুক মিয়া ও তাঁর স্ত্রী জহুরা আক্তারের সঙ্গে একই গ্রামের সহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া ও তাঁর স্ত্রী পাখিমা আক্তারের ঝগড়া হয়। ঝগড়ার সময় প্রতিপক্ষের আঘাতে মায়ের কোলে থাকা ফারুকের সাত মাসের কন্যা ববিতা মাটিতে পড়ে গিয়ে আহত হয়। গত বৃহস্পতিবার বিকেলে ববিতা মারা যায়। এ ব্যাপারে পাখিমা আক্তার ও তাঁর স্বামী ফারুক মিয়াসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আসামি ফারুক মিয়া বলেন, ‘আমরা শিশুটিকে কোনো আঘাত করিনি। ফাঁসানোর জন্য চক্রান্ত করে আমাদের আসামি করা হয়েছে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল বলেন, ঘটনার তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।