তাড়াইলে শুঁটকি মাছের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন হাট-বাজারে গত বছরের তুলনায় এবার শুঁটকি মাছ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এ নিয়ে নিম্ন আয়ের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। তাড়াইল সদর, জাওয়ার বাজার, পুরুড়া বাজার, বানাইল বাজারসহ বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা গেছে, চলতি মৌসুমে চিকড়া মাছের শুঁটকি প্রতি কেজি ৮০০ টাকা, টাকি প্রতি কেজি ৬০০ টাকা, পুঁটি ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ সময় প্রতি কেজি চিকড়ার শুঁটকি ৪০০ টাকা, টাকি ৩০০-৩৫০ টাকা, পুঁটি ১৮০-২০০ টাকা, টেংরা ২৫০-৩১০ টাকায় বিক্রি হয়েছিল। পুরুড়া বাজারে রাউতি গ্রামের বাসিন্দা দিনমজুর বাদল মিয়া (২৪) প্রথম আলোকে বলেন, ‘হুটকি (শুঁটকি) গরিব মাইনসের কাওন ছিল এত দিন, অহন হুটকির বাজারে আগুন লাগছে। আমরার (গরিব) আর হুটকি কাওনের বাও (উপায়) নাই।’ তাড়াইল সদরের শুঁটকি মহালে কথা হয় সাইদুর মিয়া (৪৮) নামের একজনের সঙ্গে। তিনি বলেন, গত বছর এই সময় যে দামে শুঁটকি কিনেছিলেন, এবার একই শুঁটকি দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। তাড়াইল বাজারের শুঁটকি বিক্রেতা সর্বনন্দ বর্মণ (৫০) বলেন, ‘পাইকারি বাজারে মাছের শুঁটকির দাম বেশি, তাই আমরাও চড়া দামে বিক্রি করছি।’ তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম বলেন, ‘মৌসুমের শুরুতে শুঁটকির দাম একটু বেশি। মাছের জোগান বেশি হলে অবস্থার উন্নতি হবে, এমনটাই আমি আশা করি।’