তাড়াইলে সচ্ছলদের নাম ভিজিডির তালিকায়
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের নামের তালিকা তৈরিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আড়াইউড়া ও নন্দীপুর গ্রামের বাসিন্দারা এ ব্যাপারে ১৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোক দিয়ে কিছুদিন আগে ভিজিডির তালিকা প্রস্তুত করেছেন। এতে ৬ নম্বর ওয়ার্ডের সচ্ছল ও একাধিক সরকারি সহায়তা পাওয়া অন্তত ১৪ জন নারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। অথচ প্রকৃত দুস্থ অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। চেয়ারম্যান তালিকা তৈরির সময় স্থানীয় ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের মতামতের কোনো গুরুত্ব দেননি।চেয়ারম্যান আশিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সঠিক নিয়মে তালিকা প্রস্তুত করে মালামাল বিতরণ করা হয়েছে। কোনো দুর্নীতির প্রশ্নই ওঠে না।’ তবে সচ্ছল পরিবারের নারীদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি তিনি এড়িয়ে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়াইউড়া গ্রামের নুরুল ইসলাম সচ্ছল কৃষক। তাঁর বাড়িতে রয়েছে একটি টিনের বসতঘর। তাঁর স্ত্রী সমলার নাম রয়েছে ভিজিডির তালিকায়। সমলা বলেন, ‘চেয়ারম্যান নাম দিছে, তাই দুই মাসের মাল পাইছি।’ একই গ্রামের সচ্ছল মানিক মিয়ার স্ত্রী নারগিস বলেন, ‘সোলেমান কাকু (আড়াইউড়া গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী) চেয়ারম্যানকে দিয়ে আমার নামে কাটটা (কার্ড) কইরে দিছে। দুই মাসের মাল তোলছি।’ওই গ্রামের শাহ আলমের স্ত্রী চম্পা ২০১১-১২ সালে মাতৃত্ব ভাতা পেয়েছেন। তিনিও দুই মাসের চাল উত্তোলনের কথা স্বীকার করেছেন। নন্দীপুর গ্রামের তাহের উদ্দিনের স্ত্রী জামেনা ২০০৯-১০, মো. কালামের স্ত্রী জাহেদা ২০০৯-১০ ও ২০১১-১২ সালে ভিজিডি প্রকল্পের সুবিধা ভোগ করলেও নতুন তালিকায় তাঁদের নাম আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা দুজনেই নতুন করে চাল উত্তোলন করেছেন।স্থানীয় ইউপি সদস্য ভূপেশ তালুকদার বলেন, ‘সোলেমান মিয়ার মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে চেয়ারম্যান ভিজিডির নামের তালিকা করেছেন। এ ব্যাপারে আমার মতামত নেওয়া হয়নি।’ ওষুধ ব্যবসায়ী সোলেমান মিয়া তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সংরক্ষিত ইউপি সদস্য রেখা আক্তার বলেন, ‘চেয়ারম্যান জরুরি প্রয়োজনের কথা বলে সাদা কাগজে আমার দস্তখত নিয়েছেন। আমি কোনো নামের তালিকা দিতে পারিনি।’তাড়াইল উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান যে তালিকা আমাদের কাছে দাখিল করেন, আমরা সেই তালিকা অনুমোদনের ব্যবস্থা করি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’