তাড়াইলে সেবিকাকে উত্ত্যক্ত করার দায়ে দুজনের কারাদণ্ড
কিশোরগঞ্জের তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকাকে (নার্স) উত্ত্যক্ত করার দায়ে ফুল মিয়া (৪৫) ও নূরুল আমিন নামের দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ফুল মিয়াকে ছয় এবং নূরুল আমিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় ফুল মিয়া ও নূরুল আমিন মাতাল অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ঢোকেন। তাঁরা সেবিকাদের কক্ষে ঢুকে কর্তব্যরত ওই সেবিকার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় সেবিকার চিৎকারে মহিলা ওয়ার্ডের রোগী, তাদের আত্মীয়স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক মো. আবুল কালাম তাড়াইল থানায় অভিযোগ করেন। রাতেই পুলিশ ফুল মিয়াকে আটক করে। আর স্থানীয় লোকজন নূরুল আমিনকে আটক করে পুলিশে দেয়। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. এহসানুল হক বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মানা যায় না।উপজেলা ভূমি কার্যালয়ে গতকাল অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, দুজনকে আজ বুধবার কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হবে।