তাড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের তাড়াইলের দাউদপুর গ্রামে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার তৌহিদুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তৌহিদুলের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে। তিনি দাউদপুর গ্রামে ফুফুর বাড়িতে থাকতেন। তিনি প্রায়ই মেয়েটিকে কুপ্রস্তাব দিতেন। গত সোমবার রাতে মেয়েটিকে ঘরের বাইরে পেয়ে তৌহিদুল তার মুখে কাপড় গুঁজে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন। ঘরে এসে মেয়েটি এ ঘটনা অন্যদের জানিয়ে দেয়। খবর পেয়ে গতকাল সকালে ব্র্যাক তাড়াইল শাখার মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মীরা দাউদপুর গ্রামে গিয়ে অসুস্থ মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বিকেলে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।ব্র্যাকের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির তাড়াইল শাখার ব্যবস্থাপক মো. শামছুজ্জামান বলেন, ব্র্যাকের পক্ষ থেকে মেয়েটিকে চিকিৎসাসহ আইনি সহায়তা দেওয়া হবে।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, মেয়েটির বাবা মামলা করেছেন। তৌহিদুলকে আজ জেলা আদালতে হাজির করা হবে।