তাড়াইলে স্কুলশিক্ষিকা হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার স্কুলশিক্ষিকা আমেনা আক্তারকে হত্যার দায়ে আসামি রফিক মিয়াকে গতকাল ম ঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাবাস্সুম ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় রফিক আদালতে উপস্থিত ছিলেন। রফিকের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কলাতুলি গ্রামে।মামলার বিবরণে জানা যায়, তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের তাহের উদ্দিনের মেয়ে স্থানীয় সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা আক্তারকে (২৮) প্রেমের প্রস্তাব দেন রফিক (৩০)। আমেনা তা প্রত্যাখ্যান করলে রফিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। ২০০৮ সালের ৯ এপ্রিল আমেনা তাড়াইল থেকে কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ শহরের অদূরে কলাপাড়া এলাকায় আগে থেকে অপেক্ষায় থাকা রফিক তাঁকে ছুরিকাঘাত করেন। আমেনাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী রফিককে আটক করে পুলিশে দেয়।