তাড়াইলে হামলায় কলেজশিক্ষক আহত
কিশোরগঞ্জের তাড়াইলের মুক্তিযোদ্ধা কলেজে গতকাল শনিবার বহিরাগত যুবকদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল কলেজ-সংলগ্ন সহিলাটি গ্রামের রাসেল, সোহেল, মাহফুজ ও সোহাগসহ কয়েকজন যুবক কলেজের মাঠে ক্রিকেট খেলা শুরু করে। এ সময় কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফা মাঠে গিয়ে খেলা বন্ধ করতে বললে ওই যুবকেরা তাঁর সঙ্গে কথা-কাটাকাটি শুরু করে। পরে অধ্যক্ষ এ ব্যাপারে থানায় ফোন করেন। কিছুক্ষণ পর যুবকেরা ব্যাট, স্টাম্প নিয়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে তাঁর ওপর চড়াও হয়। এ সময় শিক্ষক আসাদুজ্জামান বাধা দিতে গেলে যুবকেরা তাঁকে স্টাম্প দিয়ে আঘাত করে। এ ঘটনার পর বেলা দেড়টায় শিক্ষকেরা জরুরি সভা করে ওই যুবকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন।অধ্যক্ষ এ টি এম মোস্তফা জানান, ওই যুবকদের হামলায় শিক্ষক আসাদুজ্জামান বাম হাতে আঘাত পেয়েছেন।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। কলেজের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’