তাড়াইলের আ.লীগ ও জাপার পাঁচ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার মামলায় গত সোমবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এসব নেতা ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাপার সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাপার সাবেক সভাপতি আবদুল হক ভূঁইয়া, জাপার যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন ভৌমিক সোমবার কিশোরগঞ্জের বিচারিক হাকিমের (১ নম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারিক হাকিম মুহাম্মদ আলী আহসান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলা পরিষদের নির্বাচনের পর এক মাসের মধ্যে নির্বাচনী ব্যয় জমা দেওয়ার নিয়ম। কিন্তু ২০০৯ সালের নির্বাচনের পর ওই প্রার্থীরা হিসাব জমা দেননি। বারবার তাগিদ দেওয়া হলেও তাঁরা হিসাব দিতে ব্যর্থ হন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিতীশ চন্দ্র সাহা বাদী হয়ে ২৫ জন প্রার্থীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে তাড়াইলের ওই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল তাঁরা আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।