তাড়াশ ও পাঁচবিবিতে আ.লীগে নতুন কমিটি গঠন
সাত বছর পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল হক সভাপতি ও সঞ্জিত কুমার কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার, নাটোরের সিংড়া এলাকার সাংসদ জুনায়েদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৮১ জন ভোটার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের ভোট দেন। এতে ৯৩ ভোট পেয়ে আবদুল হক সভাপতি ও ৭৩ ভোট পেয়ে সঞ্জিত কুমার কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, ১০ বছর পর পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আবু বক্কর সিদ্দিক মণ্ডল সভাপতি ও হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।