তাড়াশ ও ফকিরহাটে স্থগিত কেন্দ্রে ভোট, দুই প্রার্থীর বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার স্থগিত হওয়া দুটি কেন্দ্রে আজ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে তাড়াশে বিএনপি-সমর্থিত এবং ফকিরহাটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

তাড়াশ (সিরাজগঞ্জ): গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন চলাকালে বিন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কারচুপির অভিযোগে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। ওই দিন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ওই কেন্দ্রে ঢুকে বেশ কয়েকটি ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল দেন ও ব্যালট পেপারের তিনটি বই ছিনিয়ে নিয়ে যান। বাধা দেওয়ার চেষ্টা করলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল ইসলামকে মারধর করেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়।

আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

এদিকে, কারচুপি ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী সেলিম জাহাঙ্গীর। আজ দুপুর ১২টার সময় কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন।

সেলিম জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, ভোট চলাকালে তাঁর ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা ও ভয়-ভীতি প্রদর্শন করেছেন সরকারি দলের সমর্থকেরা। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় তিনি নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের অদূরে মোল্লাবাড়িতে আওয়ামী লীগের সমর্থকেরা ক্যাম্প স্থাপন করে তাঁর ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন।

আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হক বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-সমর্থিত প্রার্থী মিথ্যা অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আলী আজম প্রথম আলোকে বলেন, নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রে সকাল থেকেই পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ বর্ডার গার্ডসহ (বিজিবি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়। 

ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাট উপজেলার স্থগিত হওয়া সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৪৩ জন। তবে ভোট পড়েছে মাত্র ৩৮টি। এর মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারীম ৩৬টি এবং সরদার নেয়ামত হোসেন ১টি ভোট পেয়েছেন। অন্য ভোটটি নষ্ট হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে আশপাশের এলাকায় ভোটারদের মধ্যে কোনো উত্সাহ নেই। নির্বাচনী দায়িত্ব পালনে থাকা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সরকারি কর্মকর্তা, কর্মচারীরা এক প্রকার অলস সময় কাটিয়েছেন।

এদিকে, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেন আজ দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি সকালে নির্বাচন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার নিয়ামত হোসেনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বচসা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন নেয়ামত হোসেনের সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানোর নির্দেশ দেন আরিফুল ইসলাম। পরে সরদার নিয়ামত হোসেনকে আটক ও মারধর করেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসীদের একাংশ ব্যালট বাক্স ছিনতাই করে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।