তাড়াশে অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের ১৬টি ঘর ভস্মীভূত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মধ্য চলনবিলে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ১৬টি ঘর পুড়ে গেছে।গ্রামবাসী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য, উপজেলার মধ্য চলনবিলের মাগুরার বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের বিধবা শাহেরা বেওয়ার ঘরের কুপিবাতি থেকে রাত সাড়ে ১২টার দিকে মশারিতে আগুন লাগে। এই আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এরপর পাশের কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে উল্লাপাড়া থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। ইতিমধ্যে আগুনে ১৩টি পরিবারের ১৬টি ঘর, কয়েক শ মণ সরিষা, ধান, আড়াই লাখ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত জসিমউদ্দীন বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জেগে দেখি ঘরে আগুন লেগে গেছে। ছেলেমেয়েদের ঘর থেকে বাইরে বের করতে পারলেও পরনের কাপড় ছাড়া কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ১৩টি পরিবারের ঘরগুলো একসঙ্গে সারিবদ্ধভাবে ছিল।’ক্ষতিগ্রস্তরা দাবি করেন, এ ঘটনায় তাঁদের প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি কম্বল, ২০টি শাড়ি, ১৮টি লুঙ্গি ও ২৬ হাজার টাকা দেওয়া হয়েছে।