তাড়াশে আ.লীগ ও ফকিরহাটে বিএনপি-সমর্থিত জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার স্থগিত হওয়া দুটি কেন্দ্রে আজ সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ দুটি কেন্দ্রে নির্বাচনের পর আজ ও ২৭ ফেব্রুয়ারির নির্বাচনের মোট ফলাফল অনুযায়ী তাড়াশ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হক ও ফকিরহাটে বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তাড়াশ

স্থগিত বিন্নাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত ভোটসহ মোট ৫৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হক (দোয়াত-কলম) নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৯ হাজার ৩১২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর (আনারস) পেয়েছেন ৪৭ হাজার ৭০১ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফরহাদ আলী বিদ্যুত্ (চশমা) ৪৬ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত আমানুর রহমান টুটুল (টিউবওয়েল) পেয়েছেন ৪৩ হাজার ৫৯৬ ভোট। এ উপজেলায় জামায়াত-সমর্থিত প্রার্থী আবু বক্কার সিদ্দিক (তালা) চার হাজার ৯৩৩ ভোট পেয়েছেন।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) আওয়ামী লীগ-সমর্থিত মনোয়ারা বেগম মিনি ৪৭ হাজার ৫৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুন্নাহার মিনতী (হাঁস) ৪৬ হাজার ৯২৮ ভোট পেয়েছেন।

উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ রায়হান কবির এসব তথ্য জানান।

ফকিরহাট

স্থগিত সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৪৩ হলে আজ ভোট পড়েছে মাত্র ৩৮টি। এ কেন্দ্রটি নিয়ে এ উপজেলার মোট ৩৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শেখ শরিফুল কামাল কারিম। দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার নিয়ামত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান এ সব তথ্য জানান।

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কারচুপি এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোলকে কেন্দ্র করে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।