তাড়াশে খুরারোগে ৪২ গরুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে খুরারোগে গত এক সপ্তাহে ৪২টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক গরু। এ ছাড়া প্রতিদিন সুস্থ গবাদিপশু নতুন করে আক্রান্ত হচ্ছে।
এদিকে রোগ থেকে পশুদের রক্ষা করতে অনেকেই গবাদিপশুগুলো দূরের আত্মীয়স্বজনকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সাধারণ জনগণ তাঁদের পশুদের নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলা পশুসম্পদ কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ওই গ্রামে আকস্মিক খুরারোগ দেখা দেয়। এরপর থেকেই গ্রামের প্রায় প্রতিটি পরিবারের গরুগুলো আক্রান্ত হতে থাকে। গরুগুলো আক্রান্ত হওয়ার পর তার মুখে ও পায়ে ক্ষত দেখা দেয়। গরুগুলো খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়। দু-এক দিন ভোগার পর গরু মারা যায়।
ওই এলাকা গতকাল বুধবার ঘুরে দেখা যায়, ওই গ্রামের শফিকুল ইসলাম, আলী হাসান, জাকির হোসেন, আব্দুল মতিন, জয়নাল হোসেন, ময়নাল, আনিছুর রহমান, আবু হোসেন, ইউছুফ আলী, মনছুর রহমান ও আবদুল মজিদের গরু আক্রান্ত হয়ে তিন দিন থাকার পর মারা গেছে। তাঁদেরসহ গ্রামের অন্য লোকের মিলে ৪২টি গরু মারা গেছে। উপজেলা পশুসম্পদ কার্যালয় থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত রোগ প্রতিরোধে কোনো ইনজেকশন দেওয়া হয়নি।
ওই গ্রামের আতাউর রহমান বলেন, ‘পাশের বাড়ির তিনটি গরু খুরারোগে আক্রান্ত হয়েছে। আমার দুটি গরু ভালো থাকায় বাড়ি থেকে অন্য গ্রামের আত্মীয়বাড়িতে পাঠিয়ে দিয়েছি।’
একই গ্রামের জয়নাল আবেদীন বলেন, তাঁর দুটি গরুই খুরারোগে আক্রান্ত হয়েছে। এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। যদি প্রথমেই সরকারের লোকজন রোগ প্রতিষেধক টিকা দিত, তাহলে এভাবে মহামারিভাবে রোগ বিস্তার ঘটত না। এভাবে রোগ ছড়ায় তা জানা ছিল না।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, এটি একটি সংক্রামক রোগ। বাতাসের মাধ্যমে এর বিস্তার লাভ করে। গ্রামের কোনো ব্যক্তি বাইরে থেকে একটি খুরারোগে আক্রান্ত গরু নিয়ে আসায় পুরো গ্রামে তা ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত গরুগুলোর মধ্যে ৯০ থেকে ৯৫ ভাগই মারা যায়। খুরারোগে আক্রান্ত গরুকে ভ্যাকসিন দেওয়া যায় না। প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে।
আগে কেন ভ্যাকসিন দেওয়া হয়নি এমন প্রশ্নের উত্তরে মো. আবু হানিফ বলেন, ভ্যাকসিন বাইরেও কিনতে পাওয়া যায়। গরুর মালিকেরা সচেতন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই গ্রাম ছাড়া পাশের গ্রামের সব গরুকে প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আক্রান্ত গ্রামে প্রতিনিধি পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে কিছু বাছুর গরু মারা গেছে। বড় কোনো গরু মারা যায়নি বলে তিনি দাবি করেন।