তাড়াশে গণডাকাতি হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-নিমগাছী সড়কে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ডাকাতদল ট্রাক, মোটরসাইকেল যাত্রী ও পথচারীদের কাছ থেকে নগদ প্রায় পাঁচ লাখ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে তাড়াশ-নিমগাছী সড়কের ধানকুন্ডি গ্রামের দক্ষিণ পাশের ব্রিজের কাছে রাস্তায় তালগাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণডাকাতি শুরু করে একদল ডাকাত। ঘণ্টাব্যাপী ডাকাতির সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে তাড়াশ গ্রামের শামসুল (৪৫), পুলক (৩২), ঘরগ্রামের ব্যবসায়ী নাছির (৩০), উত্তর মথুরাপুর গ্রামের সাইদুর (৩৫), ভাদাস গ্রামের দুলাল (৩৮), নিমগাছীর ট্রাকচালক এশারত (৪০), হেলপার আকতারুল (২৫), নাছিরসহ (২৯) ১০ জন আহত হন। খবর পাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন।আহত ব্যক্তিদের মধ্যে শামসুল মির্জাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যাদের তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।