তাড়াশে জমি নিয়ে সংঘর্ষ নিহত ১, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পলাশী গ্রামে গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আবু সাঈদ (৫০) নামের একজন নিহত এবং উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন পলাশী গ্রামের আকবর আলী, শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও ফিরোজ মিয়া। নিহত ব্যক্তির বড় ভাই তয়জাল হোসেনের করা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।তাড়াশ থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পলাশী গ্রামের আকবর আলী ও আবু সাঈদের মধ্য জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহে বিরোধপূর্ণ জমিতে আকবার আলী ধানের চারা লাগান। এর দুই দিন পর আবু সাঈদও ওই জমিতে ধানের চারা লাগান। শুক্রবার বিকেলে আকবর আলী লোকজন নিয়ে ওই জমিতে সার ছিটাতে গেলে আবু সাঈদ ও তাঁর সহযোগীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের আকবর আলী, আবু সাঈদ, তফিজ উদ্দিন, আবদুর রহিম, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, ফিরোজ মিয়া, হাবিবুর রহমানসহ ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আবু সাঈদ মারা যান।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, আবু সাঈদের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই তয়জাল হোসেন বাদী হয়ে হত্য মামলা করেছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।