তাড়াশে ধান কেনাবেচায় বাড়তি খাজনা আদায়
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন হাটে ইজারাদারেরা ধান কেনাবেচায় অতিরিক্ত হারে খাজনা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষক ও ধানের ক্রেতারা অভিযোগ করেছেন, হাটের দিনের বাইরে এবং হাট বাদে গ্রামের অন্য যেকোনো স্থানে ধান কেনাবেচা হলে সেখান থেকেও ইজারাদারেরা খাজনা আদায় করছেন। খাজনা বেশি দেওয়ার কারণে কৃষকেরা ধানের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, হাটের ইজারাদার ও ধানের ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান কেনার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বস্তায় আড়াই টাকা খাজনা নেওয়ার কথা। কিন্তু উপজেলার বিভিন্ন হাটের ইজারাদারেরা প্রতি বস্তায় পাঁচ থেকে ছয় টাকা করে খাজনা আদায় করছেন। প্রতিটি ট্রাক থেকে ২০০ টাকা করে খাজনা নেওয়ার কথা থাকলেও এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা করে খাজনা আদায় করা হচ্ছে। এ ছাড়া হাটের দিনের বাইরে খাজনা নেওয়ার বিধান না থাকলেও ইজারাদারেরা খাজনা নিচ্ছেন। পাশাপাশি হাটের বাইরে অন্য কোনো স্থানে ধান কেনাবেচার সময়ও ইজারাদারেরা এসে খাজনা আদায় করছেন। বিশেষ করে তাড়াশ উপজেলার বিনসারা, বারুহাস, তাড়াশ সদর, রানীহাট, গুরপিপুল, মাঝদক্ষিণা, নওগাঁ, মহিষলুটিসহ প্রায় ২৫টি এলাকায় এভাবে খাজনা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।গুরপিপুল গ্রামের কৃষক ইমতিয়াজ আলী বলেন, এমনিতেই ধানের দাম কম, তার ওপর অতিরিক্ত খাজনা আদায় করায় মহাজনেরা ধানের দাম কম বলছেন। ফলে খাজনার টাকা মূলত কৃষকের পকেট থেকেই দিতে হচ্ছে।বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোক্তার হোসেন বলেন, শুধু হাটের জায়গায় ধান কেনাবেচার সময় খাজনা আদায়ের নিয়ম রয়েছে। কিন্তু ইজারাদারেরা স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় তাঁরা হাটের বাইরে ধান কেনাবেচার সময়ও জোর করে খাজনা আদায় করছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।বিনসারা হাটের ধানের আড়তদার জাহাঙ্গীর আলম বলেন, ‘পার্শ্ববর্তী সলঙ্গা থানার অন্তর্গত সলঙ্গা হাটে ধানের আড়তদার ও ইজারাদারেরা যৌথভাবে প্রতি বস্তা ধানে এক টাকা ১২ পয়সা হারে খাজনা নির্ধারণ করে তা আদায় করছেন। তাঁরা সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কম খাজনা আদায় করলেও তাড়াশে আমাদের কাছ থেকে অতিরিক্ত হারে খাজনা আদায় করা হচ্ছে।’অভিযোগের ব্যাপারে বিনসারা হাটের ইজারাদার সুলতান আলী বলেন, ‘আমরা নির্ধারিত মূল্যেই খাজনা আদায় করছি। হাটের বাইরে যেখানে ধান ক্রয়-বিক্রয় হচ্ছে, সেটিও আমাদের এলাকায় বিধায় খাজনা নেওয়া হচ্ছে।’তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবীর বলেন, ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হারে খাজনা আদায় করার অভিযোগ পাওয়ার পর সব ইজারাদারকে সতর্কতামূলক নোটিশ পাঠানো হয়েছে। নির্দেশ অমান্য করলে তাঁদের সঙ্গে ইজারা চুক্তি বাতিল করা হবে।