তাড়াশে ভিজিডি কার্ড দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ‘শিশু-কিশোর যুব উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে দুস্থ নারীদের ভিজিডি কার্ড দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা ফেরত চেয়ে ও প্রতারকদের বিচারের দাবিতে বিক্ষুব্ধ নারীদের পক্ষে লাইলী খাতুন নামের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ২৯ এপ্রিল লিখিত অভিযোগ দিয়েছেন। ইউএনও অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সদস্যদের সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শিশু-কিশোর যুব উন্নয়ন সংস্থার কার্যালয় খুলে মাধাইনগর, দেশীগ্রাম, বারুহাস ও সগুনা ইউনিয়নের দুস্থ নারীদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণের জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। প্রতি মাসে একটি কার্ডে ৩০ কেজি গম অথবা ২৫ কেজি পুষ্টিসমৃদ্ধ আটা দেওয়ার কথা বলে সদস্য সংগ্রহ শুরু হয়। একেকটি কার্ডের জন্য সদস্যদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা করে নেওয়া হয়। ইউএনও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার জাল সইসংবলিত কিছু কার্ড বিতরণ করা হয়। কার্ড নিয়ে সন্দেহ দেখা দিলে টাকা ফেরতের দাবিতে গত সোমবার শতাধিক দুস্থ নারী সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা ইউএনওর কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, কার্ডে তাঁর সই করার প্রশ্নই আসে না। সংস্থার পরিচালক আমজাদ হোসেন কার্ড বরাদ্দ করার কথা স্বীকার করে বলেন, সদস্যদের কাছ থেকে শুধু ভর্তি ফি বাবদ ১২০ টাকা করে নেওয়া হয়েছে। ৯০০ সদস্যের মধ্যে ৩০০ জনকে কার্ড দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সংস্থাটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত। তবে নিবন্ধনের শর্ত অনুযায়ী সংস্থাটি কোনো প্রকার ভিজিডি কার্ড প্রদান করতে পারে না।