তাড়াশে স্ত্রীকে পিটিয়ে হত্যা
বেতনের কিছু টাকা বাবাকে দেওয়ায় এক স্বামী তাঁর স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রজব আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও নিহত গৃহবধূর আত্মীয়স্বজন জানান, গ্রামের আবু রায়হান আলীর দ্বিতীয় স্ত্রী জুলেখা খাতুন (২০) ইউনিয়ন পরিষদের অধীনে মাটি কাটার কাজ করতেন। সোমবার তিনি বেতন পেয়ে কিছু টাকা তাঁর দরিদ্র বাবাকে দেন। এতে স্বামী ও তাঁর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে জুলেখাকে বেদম মারপিট করেন এবং একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বিষপানে জুলেখা আত্মহত্যা করেছেন বলে রায়হানের পরিবারের লোকজন প্রচার চালায়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত গৃহবধূর শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মারধর করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই ফারুক বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেছেন।