তাড়াশে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে মহাসড়কের মান্নাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে নাটোরগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাসের চালককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত যাত্রীদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এখনো চালকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।