তাড়াশে ৬৫ বস্তা সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল শনিবার কালোবাজারে সার বিক্রির অভিযোগে ৬৫ বস্তা সার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাড়াশের একজন ডিলার গোপনে এক ব্যবসায়ীর কাছে সার বিক্রি করছেন—এমন খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা উপজেলার মান্নান নগর বাজারে অভিযান চালান। এ সময় একটি নছিমন থেকে ৫০ বস্তা ইউরিয়া, ৫ বস্তা পটাশ, ১০ বস্তা টিএসপিসহ মোট ৬৫ বস্তা সার আটক করা হয়। নছিমনচালক বলেন, স্থানীয় এক ডিলার তাঁকে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমাজ বাজারে এক ব্যবসায়ীর কাছে এসব সার নিয়ে যেতে বলেছিলেন। পরে ওই চালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সারের বস্তাগুলো থানায় নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মালামাল সিলগালা করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামকে মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মনজুর রহমান বলেন, সারগুলো জব্দ করে রাখা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।