চট্টগ্রাম নগরের ধনিয়ালাপাড়ার এক পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১১ জন নারী শ্রমিক আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার জিআর অ্যাপারেলস নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলেন: হালিমা, তসলিমা, আঁখি, নাসরিন, অনজু, রাবেয়া, মোমেনা, অনু, সায়রাবানু, দেলোয়ারা ও শিরিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে শিরিনসহ তিনজনের আঘাত গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে কারখানার পাশে টিঅ্যান্ডটি লাইনে কাজ করার সময় সৃষ্ট আগুনের ফুলকি কারখানার দোতলার বেলকনিতে থাকা গার্মেন্টসের ঝুট কাপড়ের ওপর গিয়ে পড়ে। এরপর ঝুট কাপড়ে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুনে কারখানার এক হাজার টাকার ঝুট কাপড় পুড়ে গেছে। ঝুট কাপড় ছাড়া অন্য কিছু পোড়েনি।ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।শ্রমিকেরা জানান, আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে শ্রমিকেরা আহত হন। আহত রাবেয়া বলেন, আগুন লাগার পর শ্রমিকেরা তাড়াহুড়া করে নামার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে সবাই একসঙ্গে নামতে গিয়ে একজনের গায়ের ওপর একজন পড়ে আহত হন। তিনি জানান, এ সময় কেউ কেউ দোতলা থেকে লাফ দেন।