তায়কোয়ান্দোর 'হু-হা' শব্দ ছাত্রী হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা। তাঁদের আত্মরক্ষায় আত্মপ্রত্যয়ী করে তোলার লক্ষ্যে এই আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের। ছবিটি গত শুক্রবার তোলা l ছবি: সাবিনা ইয়াসমিন
তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা। তাঁদের আত্মরক্ষায় আত্মপ্রত্যয়ী করে তোলার লক্ষ্যে এই আয়োজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের। ছবিটি গত শুক্রবার তোলা l ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের তুলনায় কবি সুফিয়া কামাল হলটি একটু বেশি গোছানো, ছিমছাম মনে হয়। ছাত্রীদের এই হলটি ঘিরে থাকে সুনসান নীরবতাও। তবে কিছুদিন ধরে বিকেলবেলায় সেই নীরবতা ভেঙে দিচ্ছেন হলের সবুজ মাঠে জড়ো হওয়া শিক্ষার্থীরা। তাঁরা প্রশিক্ষকের নির্দেশমতো হাত-পা ছুড়ছেন। তাঁদের মুখ থেকে আসা ‘হু’ ‘হা’ ‘হু’ শব্দ শোনা হলটির পরিচিত আবহে বড় ব্যতিক্রম।
কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা আসলে তায়কোয়ান্দো শিখছেন। তায়কোয়ান্দো হচ্ছে দক্ষিণ কোরিয়ার একধরনের মার্শাল আর্ট (আত্মরক্ষার জন্য শারীরিক কসরত)। তায়কোয়ান্দো আন্তর্জাতিক অঙ্গনে খেলা হিসেবে স্বীকৃত।
তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে সেনাবাহিনী পরিচালিত স্কুলসহ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় লাখ ছাত্রছাত্রী তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি।
গত বৃহস্পতিবার বিকেলে হলটিতে গিয়ে দেখা যায় ছাত্রীরা প্রশিক্ষণ নিচ্ছেন। হলের একজন শিক্ষকের দুই মেয়েও তাতে যোগ দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের উদ্যোগে ৫ জানুয়ারি থেকে সুফিয়া কামাল হলসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য তায়কোয়ান্দো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফেডারেশনের ২২ জন নারী প্রশিক্ষক ছাত্রীদের এ প্রশিক্ষণ দিচ্ছেন। এতে সহায়তা দিচ্ছে ট্রাস্ট ব্যাংক।
তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তায়কোয়ান্দোতে দুই হাত ও দুই পা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আর মস্তিষ্ক কাজ করে ‘কমান্ড’ হিসেবে। যাঁরা এই প্রশিক্ষণ নেন, তাঁদের হাঁটার গতি ও শারীরিক ভঙ্গি দেখেই কেউ আর তাঁকে আক্রমণ করতে সাহস পায় না। এ প্রশিক্ষণ সাহসী ও আত্মপ্রত্যয়ী করে তোলে। প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না।
মাহমুদুল ইসলাম জানালেন, কোরিয়া থেকে চার সদস্যবিশিষ্ট একটি দল আসবে বাংলাদেশে। দলটি হলগুলোর শিক্ষার্থীদের ১০ দিন প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষ করলে প্রত্যেক শিক্ষার্থী সনদ পাবেন। এ সনদ সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে চাকরিতে কাজে লাগবে। ১০ দিন প্রশিক্ষণ শেষে যাঁরা ভালো করবেন, তাঁরা কোরিয়া দলের কাছে আবার শেখার সুযোগ পাবেন। এরপরও কেউ এ খেলাটি চালিয়ে যেতে চাইলে তাঁকে সার্বিক সহায়তা দেওয়া হবে।
কবি সুফিয়া কামাল হলে ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন রাবেয়া আক্তার, তানজিলা রহমান, জেসমিন আক্তারসহ কয়েকজন। এ প্রশিক্ষণ পেলে কী লাভ—এ প্রশ্ন শুনে ইডেন কলেজের শিক্ষার্থী ও তায়কোয়ান্দো প্রশিক্ষক তানজিলা বলেন, ‘এটি আসলে বলে বোঝানো যাবে না। আমি যখন প্রশিক্ষণ নিই, তখন মানসিক শক্তি পাই। অন্য মেয়েদের থেকে নিজেকে আলাদা মনে হয়। ঘরের বাইরে গেলে মনে সাহস থাকে। যখন রাস্তায় হাঁটি, তখন কেউ কিছু বলতে সাহসই পায় না।’
সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিলুফার নাহার প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ শেষে মেয়েরা আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে। আত্মরক্ষার কৌশল রপ্ত করবে। জীবনে কোনো ধরনের আঘাত এলে তা প্রতিহত করতে পারবে। তারা একসময় ভাবতে পারবে, ‘আমরাই পারি’। তখন তারা আর আত্মহত্যা করবে না বা গায়ে আগুন দেবে না। তারা আত্মপ্রত্যয়ী হবে।