তায়কোয়ান্দো শেখায় মেয়েদের সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রণকৌশলটির নাম তায়কোয়ান্দো। এ কৌশলে রক্তপাতের বালাই নেই। দুই হাত ও দুই পা অস্ত্র হিসেবে কাজ করে। আর মস্তিষ্ক কাজ করে ‘কমান্ড’ হিসেবে। পথে-ঘাটে যৌন নির্যাতনসহ যেকোনো পরিস্থিতিতে খালি হাত ও পা দিয়েই শত্রুকে মোকাবিলা করা সম্ভব। দক্ষিণ কোরিয়ার এ মার্শাল আর্টটি বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। দেশের প্রায় ৬০-৭০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দেড় লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় এনেছে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। ২০১৩ সাল থেকে শুরু হওয়া ফেডারেশনের এই কার্যক্রমে মেয়েদের সংখ্যা বাড়ছে।

ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নুজাবা ইসলাম খান স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়ছেন। দেড় বছর ধরে তিনি জেলা ক্রীড়া সংস্থায় আত্মরক্ষার জন্য শারীরিক কসরত বা তায়কোয়ান্দো প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। প্রশিক্ষক হিসেবে নিজেই একটি প্রশিক্ষণে অংশ নিতে তিনি বর্তমানে ঢাকায়। তিনি বললেন, প্রথম দিকে মফস্বল শহরে তায়কোয়ান্দো শিখতে এবং শেখাতে গিয়ে ভালোই বিপাকে পড়তে হতো। সবাই প্রশ্ন করত, মফস্বলের মেয়েরা এটা শিখে কী করবে? এখন অবস্থার পরিবর্তন হয়েছে। এখন প্রশিক্ষণার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। অভিভাবকেরা উৎসাহী হয়েছেন বলেই এটা সম্ভব হচ্ছে।
মতিঝিলে ফেডারেশনে গিয়ে এক মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সামা রহমান ও শামসিয়া মেহনাজ। তাঁদের মতে, রাস্তাঘাটে আগেও যে খুব একটা ভয় পেতেন তা নয়। কিন্তু এখন রাস্তাঘাটে কোনো অঘটন ঘটলে তাঁরা প্রতিবাদ করার সাহস অর্জন করেছেন।
রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবদুল আহাদ। কলেজপড়ুয়া এই ব্ল্যাক বেল্টধারী শিক্ষার্থী তার নিজের প্রতিষ্ঠানেই এখন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। এই প্রশিক্ষক বেশ জোর গলায় বলল, ‘শুধু আত্মরক্ষা নয়, তায়কোয়ান্দো চর্চা করলে যেকোনো বিষয়ে ফোকাস করা সহজ হয়, যা পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগে। ব্যায়াম করলে সুস্থ থাকা যায়, মনও সুস্থ থাকে। আর আমরা যারা এ চর্চার সঙ্গে যুক্ত তারা রাস্তায় ইভ টিজিং করি না। পথে-ঘাটে নারীদের হেনস্তা হতে দেখলে প্রতিবাদ করি।’
তায়কোয়ান্দো অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত একটি খেলা। গত শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ শাখা) এবং তায়কোয়ান্দো ফেডারেশনে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হলো। বেশির ভাগ অভিভাবক জানালেন, বর্তমানে এটি খেলার চেয়েও আত্মরক্ষার কৌশল হিসেবেই সবাইকে বেশি আকৃষ্ট করছে। এ কৌশল শিখলে পথে-ঘাটে ছেলেমেয়েদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলেই ভাবছেন তাঁরা। শিক্ষার্থীদের মধ্যে কেজি ওয়ানে পড়া শিক্ষার্থী যেমন আছে, তেমনি আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বয়স নয়, কে কত দক্ষ তার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের কোমরে বাঁধা আছে সাদা, হলুদ, হলুদ-সবুজ, সবুজ, সবুজ-নীল, নীল, নীল-লাল, লাল, লাল-কালো এবং কালো বেল্ট।
অভিভাবক রীতা বড়ুয়ার মেয়ে পড়ছে তৃতীয় শ্রেণিতে। দুই বছর ধরে মেয়েকে নিয়ে শুক্র ও শনিবার সকালে উপস্থিত হন পলাশীতে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। তিনি বলেন, ঢাকা শহরে কোনো খেলার মাঠ নেই। আর রাস্তাঘাটে অহরহ মেয়েদের হেনস্তা হতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে মেয়ে নিজেকে রক্ষা করতে পারবে, সে চিন্তা তো মাথায় আছেই।

তবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে রাজি করিয়ে প্রশিক্ষণের আয়োজন করা, সন্তানদের এ কৌশল শেখাতে অভিভাবকদের উৎসাহিত করতে ফেডারেশনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন মাস বিনা মূল্যে প্রশিক্ষণ দিতে হয়েছে। বর্তমানে শিক্ষার্থীপ্রতি মাত্র ২০০ টাকা করে পাওয়া যাচ্ছে। তবে শিক্ষার্থীদের এ খেলায় উৎসাহিত করার ফলে অনেকগুলো লাভ হচ্ছে। পথে-ঘাটে আত্মরক্ষার পাশাপাশি ছেলেমেয়েদের খেলোয়াড় হিসেবে তৈরি করার প্রক্রিয়াও চলছে। বলা যায়, রথ দেখা ও কলা বেচা একসঙ্গে হচ্ছে।

ফেডারেশনে কর্মরতরা জানালেন, তায়কোয়ান্দো চর্চা করলে আত্মবিশ্বাসী, আত্মরক্ষায় পারদর্শী, সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান হওয়া যায়। শরীরের নাজুক ও সংবেদনশীল জায়গাগুলো রক্ষার জন্য বিভিন্ন সরঞ্জাম হেড গার্ড, চেস্ট গার্ড, হ্যান্ড গার্ড, গ্লাভস, শিন গার্ড, গ্রোয়েন গার্ড ইত্যাদি ব্যবহার করা হয় বলে ঝুঁকিও কম। অন্যান্য খেলার চেয়ে এটি ততটা ব্যয়বহুল না। যাঁরা এই প্রশিক্ষণ নেন, তাঁদের হাঁটার গতি ও শারীরিক ভঙ্গি দেখেই কেউ আর তাঁকে আক্রমণ করতে সাহস পায় না। আক্রমণ করলেও তার প্রতিবাদ করা বা পরিত্রাণ পাওয়া সম্ভব।