তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ ১৫০ জনের মৃত্যু
তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকাডুবিতে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। নৌকাটি লিবিয়া থেকে অন্তত ৮৫০ জন বিদেশি নাগরিক নিয়ে ইতালির লামপেদুসা দ্বীপে যাচ্ছিল। গতকাল শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তা এ কথা জানান।জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কর্মকর্তা ক্যারোল লালেভে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপের সৈকতে ১৫০ জন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের অধিকাংশই বাংলাদেশ, পাকিস্তান ও পশ্চিম আফ্রিকার নাগরিক। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি এবং তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আরও লাশের সন্ধান চলছে।গত শনিবার বিকেলে এসব অভিবাসী লিবিয়া থেকে ইতালির পথে রওনা হয়েছিলেন। কেরকেন্নাহ দ্বীপের কাছে নৌকাটি ডুবে গেলে তিউনিসিয়ার নৌবাহিনীর সদস্য ও উপকূলরক্ষীরা উদ্ধার-তৎপরতা শুরু করেন। খারাপ আবহাওয়া এবং ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।ইতালির লামপেদুসা দ্বীপটি আফ্রিকার সবচেয়ে কাছে। লিবিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের জন্য এখন হাজার হাজার অভিবাসীর গন্তব্য হয়ে দাঁড়িয়েছে এই দ্বীপটি। রয়টার্স, বিবিসি।