তিক্ত বিরোধ বাংলাদেশের রাজনীতিকদের অন্ধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার জন্য আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষের মৃত্যুর দুটি ঘটনার চেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে না। রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে একটি বাসে বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হলে সাতজন পুড়ে মারা যান এবং আরও ১৫ জন গুরুতর আহত হন। ঢাকার একটি প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়। গলিত প্লাস্টিক এবং বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক জখম হয় আরও অনেকে।
চৌদ্দগ্রামে বাসে হামলার ঘটনাটির জন্য বিরোধী দলের নেতাকে দায়ী করছে সরকার। নতুন নির্বাচন দিতে সরকারকে বাধ্য করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহিংসতা ও হত্যাকাণ্ডে মদদ দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অভিযোগ করছে। খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি গত বছর অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বর্জন করে। তাঁদের অভিযোগ, ওটা ছিল সরকারের সাজানো নির্বাচন।
প্রধান দুই রাজনৈতিক নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্বের সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কথা বলা যায়। তাঁদের ওই বিরোধ কাণ্ডজ্ঞান এবং দেশের স্বার্থকেও ছাপিয়ে যায়। শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক প্রশংসিত অন্তর্বর্তী ব্যবস্থা (তত্ত্বাবধায়ক সরকার) পরিবর্তন করেছেন। ওই ব্যবস্থার অধীনে সরকারের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব একটি অন্তর্বর্তী আমলাতান্ত্রিক প্রশাসন ও টেকনোক্র্যাটদের কাছে দেওয়া হতো। নির্বাচন আয়োজনের দায়িত্বও ওই কর্তৃপক্ষের ওপর ন্যস্ত ছিল। ওই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারটি নির্বাচনের ফলাফলকে শেখ হাসিনার পক্ষে নিয়ে যাবে বলে প্রতিবাদ করেন খালেদা জিয়া। এ ব্যাপারে আইনি চ্যালেঞ্জ ব্যর্থ হয়। ফলে খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে এবং শেখ হাসিনা ক্ষমতায় রয়ে যান।
নির্বাচনের ফলাফল ঘোষিত হলে আশঙ্কা অনুযায়ী সহিংস রাজনৈতিক বিক্ষোভ অবধারিত হয়ে পড়ে। নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করার সময়ই হাসিনা এ ব্যাপারে জানতেন। খালেদাও জানতেন, যখন তিনি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন।
এই দুটি বিকল্পের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ কম। যদি বাসে আগুন লাগিয়ে মানুষ পোড়ানোর জন্য খালেদাকে বিচারের মুখোমুখি হতে হয়, প্রধানমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত। জনগণের হতাশা ও অবিশ্বাস নিয়ে রাজনীতিবিদদের কারোরই এমন খেলা করা উচিত নয়, যাতে রাজনৈতিক পরিস্থিতি আরও তিক্ত রূপ নেয়।
বেদনাদায়ক ব্যাপার হলো, এসব রাজনৈতিক ডামাডোলের আড়ালে দেশটির জন্য অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত থাকছে। দেশটির জনবহুল বহুতল কারখানাগুলোর শ্রমিকদের নিরাপত্তার ঘাটতির ব্যাপারটি সবচেয়ে বেশি স্পষ্ট। এসব কারখানায় দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার মতো কলঙ্কজনক ঘটনা এখনো ঘটছে। এ ধরনের নিষ্ঠুর ঘটনার সর্বশেষ উদাহরণ নাসিম প্লাস্টিক হাউসে অগ্নিকাণ্ড। দেশটিতে আগে এ রকম ঘটনা অনেকবার ঘটলেও ওই কারখানায় সতর্কতামূলক ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ইত্যাদি সম্পূর্ণ অপর্যাপ্ত প্রমাণিত হলো। কারখানাটির অদক্ষ এবং অত্যন্ত আতঙ্কিত কর্মীরা ভবন ত্যাগ করতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। অভিযোগ রয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কখনোই আগুন নেভানোর মহড়া দেয়নি। কারখানাটিতে কারা কাজ করছেন, সেই নামের তালিকা শীর্ষ ব্যক্তিদের কাছেও নেই। আগুন নেভাতে সীমিত উপকরণ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়। দুর্ঘটনার ছয় দিন পরও তাঁরা ঠিকমতো জানেন না, কতজন নিহত হয়েছিল।
আর নিহত শব্দটিই এ ক্ষেত্রে উপযুক্ত। ২০১৩ সালে রানা প্লাজা ধসে এগারো শতাধিক পোশাকশ্রমিক নিহত হন। করপোরেট হত্যাকাণ্ডের এটিই সবচেয়ে বড় ঘটনা। খরচ কমাতে ব্যস্ত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি কর্মকর্তাদের, যাঁরা দুর্নীতিগ্রস্ত ও অসাধু নিয়ন্ত্রক, প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশের অনেক কারখানাই মৃত্যুফাঁদ হিসেবে রয়ে গেছে।
হাসিনা ও খালেদা ক্ষমতার জন্য নিজেদের অশোভন লড়াইয়ের মধ্যেই আটকে থাকার কারণে মূল বিষয়ের প্রতি জরুরি গুরুত্ব দেওয়ার ব্যাপারটি উপেক্ষিত রয়ে যাচ্ছে। রাজনীতিকদের কাছ থেকে বাংলাদেশের আরও ভালো কিছু পাওয়া উচিত।

(সম্পাদকীয়তে রানা প্লাজার দুর্ঘটনাকে অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে বহুতল রানা প্লাজা ভবনটি ধসে পড়েছিল।)