তিক্ততা বাড়লেও স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে তিক্ততা বেড়েছে। প্রায় সাত বছর বিরতির পর জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক পঞ্চমবারের মতো পিছিয়েছে। তবে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে বাংলাদেশ।
ঢাকা ও ইসলামাবাদে কর্মরত কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দেশের সম্পর্ক এতটাই শীতল হয়ে পড়েছে যে দৈনন্দিন কাজ (ভিসা দেওয়াসহ সাধারণ তথ্যসেবা) ছাড়া অতীতের উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্তের বাস্তবায়ন ও তার অগ্রগতি পর্যালোচনা হচ্ছে না।
জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক ২২ থেকে ২৩ জুলাই হওয়ার কথা ছিল। পাকিস্তানের অনুরোধে বৈঠকটি এখন আগামী ১ ও ২ সেপ্টেম্বর আয়োজনের চেষ্টা চলছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে, বিশেষ করে মতিউর রহমানের ফাঁসির আদেশ কার্যকরের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব কোনো মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রসচিবদের বৈঠক আয়োজনে দুই দেশ প্রাথমিকভাবে রাজি হয়েছিল। পরে তা কয়েক দফা পেছানো হয়েছে।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত স্যানিটেশন-বিষয়ক আঞ্চলিক সম্মেলনে যোগ দেননি পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী জাহিদ হামিদ। তাঁর অনুপস্থিতিতে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে প্রতিনিধিত্ব করেন।
আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় কোনো বৈঠক হয়নি। শুধু ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি হয়েছে।
সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কথা বলাটা দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ জন্য সহায়ক নয়, এটি পাকিস্তানকে বারবার মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বক্তব্য অগ্রাহ্য করে উল্টো বিচার নিয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিও উঠেছে রাজপথে। এমন এক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে বিভিন্ন সময় ভোটাভুটিসহ নানাভাবে একে অন্যকে সহযোগিতা করে থাকে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আগামী কয়েক মাসে সার্কসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ রয়েছে। নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর, জুলাইতে এশিয়ান পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে স্পিকার এবং আগস্টে সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্কের তরুণ সাংসদদের প্রথম বৈঠকে বাংলাদেশ থেকে চার সাংসদকে পাঠাতে স্পিকারকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের স্পিকার।
মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েনের শুরু, গত দেড় বছরে বিভিন্ন ঘটনায় তা বেড়েছে। প্রশ্নবিদ্ধ গতিবিধির কারণে ২০১৫ সালে পাকিস্তানের কূটনীতিক ফারিনা আরশাদ ও কর্মকর্তা মাযহার খানকে ঢাকা থেকে প্রত্যাহারের জের ধরে এ বছরের শুরুতে বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করতে বলে পাকিস্তান। এ বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে ছেড়ে দেওয়ার পরপরই কোনো কারণ ছাড়াই ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মীকে বাড়ি ফেরার পথে উঠিয়ে নেন সে দেশের গোয়েন্দা সংস্থার কর্মীরা। মাঝরাতের পর বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মীকে ছেড়েও দেওয়া হয়। সব মিলিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে নিন্দা প্রস্তাব, বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ, সুনির্দিষ্ট অভিযোগে পাকিস্তানের কূটনীতিক ও কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিতে বলার পর এর পাল্টা পদক্ষেপ নিয়ে সম্পর্কটাকে আরও খারাপ করে তুলেছে ইসলামাবাদ। এর ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিবৃতির জবাবে বিবৃতি আর কূটনীতিককে সমন করলে তার উত্তরে পাল্টা সমন হয়ে উঠেছে নিয়মিত ঘটনা।
ইসলামাবাদের কূটনীতিক সূত্রগুলো বলছে, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের সরকার, বিরোধী দলসহ রাজনৈতিক মহলের একাংশ বক্তৃতা বিবৃতি দিলেও গত বছরের নভেম্বরের আগে পর্যন্ত এ নিয়ে দূরে থেকেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে গত নভেম্বরে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে প্রথমবারের মতো বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।