মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পাকিস্তানকে বারবার নিষেধ করে আসছে বাংলাদেশ। কিন্তু এরপরও এ বিষয়ে বক্তৃতা-বিবৃতি দিয়ে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও উদ্বেগ জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ রাখার পাশাপাশি ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা বন্ধ করতে বলছে ঢাকা।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের দণ্ডকে ঘিরে ২০১৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ছয়বার বক্তৃতা-বিবৃতি দিয়ে এবং জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রস্তাব এনে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। গত বছরের নভেম্বরে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো বিবৃতি দেয়। নিজামীর মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাল।
পাকিস্তানের এমন অবস্থানের প্রতিবাদ জানিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনারকে বারবার তলব করে বাংলাদেশ এসব বক্তৃতা-বিবৃতি বন্ধ করার কথা বললেও তা কানে তুলছে না পাকিস্তান। বরং ঢাকায় পাকিস্তানের কূটনীতিককে তলব করার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদে বাংলাদেশের কূটনীতিককে তলব করা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে সম্পর্কে টানাপোড়েন বেড়েই চলেছে।
জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল রোববার দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘আমি পাকিস্তান সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করার আহ্বান জানাব। সেই সঙ্গে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির অপব্যাখ্যা বন্ধ করতে বলব।’
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে এ প্রতিক্রিয়া জানানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘পাকিস্তানের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে। আমরা কখনোই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারও উদ্বেগকে স্বাগত জানাই না। বারবার মনে করিয়ে দেওয়ার পরও তারা এটি করছে। তারা বলছে যে তারা ব্যথিত হয়েছে। কিন্তু আমরা যাঁদের বিচার করছি, তাঁরা বাংলাদেশের নাগরিক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীরা পাকিস্তানের হয়ে কাজ করেছেন। এই কারণে তাঁদের জন্য পাকিস্তান ব্যথিত হয়েছে।
প্রতিমন্ত্রী মনে করেন, পাকিস্তানের এ অবস্থান বিপজ্জনক, কারণ মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা আশ্বস্ত করার জায়গা খুঁজছে। পাকিস্তান রাষ্ট্র তাঁদের পাশে থাকবে—এ রকম একটি বার্তা তারা দিতে চাইছে।
জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ’৭৪-এর ত্রিপক্ষীয় চুক্তির কোনো বৈধতা নেই। চুক্তির পূর্বশর্ত ছিল, পাকিস্তানের নাগরিক যে ১৯৫ যুদ্ধাপরাধীকে বাংলাদেশ ক্ষমা করছে, তাদের বিচার করবে পাকিস্তান। চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের সেখানে ফেরত নেওয়ার কথা ছিল। পাকিস্তান ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার যেমন করেনি, তেমনি নিজেদের আটকে পড়া নাগরিকদেরও ফেরত নেয়নি। কাজেই পাকিস্তান চুক্তির শর্ত ভেঙেছে। তা ছাড়া বাংলাদেশের সংসদে চুক্তিটি অনুসমর্থন করা হয়নি। কাজেই এটি মানার কোনো বাধ্যবাধকতা নেই।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার পক্ষে মত দেন শাহরিয়ার কবির।
এদিকে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ গতকাল এক বিবৃতিতে পাকিস্তান সরকারের ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণের’ তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও মহাসচিব হারুন হাবীব যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, পাকিস্তান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নগ্ন প্রবণতা থেকে সরে দাঁড়ায়নি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর সমর্থনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে বক্তব্য দিয়েছে, তাকে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি আক্রমণ এবং সব আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন মনে করি।’
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও তীব্র মনঃকষ্টের মধ্য দিয়ে লক্ষ করছি। ১৯৭১ সালের ঘটনাবলি নিয়ে বাংলাদেশের বিতর্কিত বিচার-প্রক্রিয়া নিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়াও লক্ষ করে যাচ্ছি। ১৯৭৪ সালের এপ্রিলের ত্রিপক্ষীয় চুক্তির চেতনা অনুযায়ী ১৯৭১-এর ঘটনাবলির ক্ষেত্রে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে একটি চূড়ান্ত মীমাংসার প্রয়োজনীয়তা আছে।’