তিক্ততা ভুলে রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার সাফল্য কামনা করে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি বিশেষ প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবে তিক্ততা ভুলে রাজনৈতিক নেতাদের একত্রে কাজ চালিয়ে যেতে এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশে নির্বাচিত সরকারের বর্ষপূতি উপলক্ষে গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার রাতে প্রতিনিধি পরিষদ ওই প্রস্তাব গ্রহণ করে। কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি প্রস্তাবটি উপস্থাপন করেন। ৩৮০-৭ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে হিন্দু ও আহমাদিয়া সম্প্রদায়সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। প্রস্তাব উপস্থাপনকালে জোসেফ ক্রাউলি বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল, নমনীয় ও গণতান্ত্রিক মুসলিম দেশ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন অর্জিত হয়েছে। নারীর ক্ষমতায়ন এবং চরমপন্থী দমনে বাংলাদেশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে জোসেফ ক্রাউলি বলেন, ‘আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দেশটির প্রতি সমর্থন জানাতে পারি।’ ক্রাউলি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশটির জনগণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সম্মান জানানোর অবকাশ রয়েছে। যে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে, তাতে আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুত বাংলাদেশ বিষয়ে মনোযোগী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।