মেঘনা নদীর ওপর কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মধ্যে নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতু ও ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস রেলসেতু চালু হতে সময় লাগবে চার মাসের মতো। চলতি বছরের মার্চের শেষ দিকে, না হয় এপ্রিলের মধ্যে রেলসেতুটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
গতকাল মঙ্গলবার সেতু দুটি পরিদর্শনের সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। দুপুরে পরিদর্শনকালে মন্ত্রী বলেন, এরই মধ্যে ভৈরব রেলসেতুর ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত করা হচ্ছে। এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি উদ্বোধন করার কথা।
পরিদর্শনের আগে মন্ত্রী বেলা ১১টার দিকে ভৈরব রেলওয়ে ডাকবাংলোয় প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ২০১৩ সালের ডিসেম্বর মাসে ভৈরব রেলওয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। গেল বছরের ডিসেম্বর মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এপ্রিল মাস পর্যন্ত করা হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস রেলসেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী তিতাস রেলসেতুরও উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডাবল লাইন চালু হলে দেশের অর্থনীতির অনেক উন্নতি হবে। তখন যাত্রাপথে অনেক সময় বাঁচবে। পণ্য পরিবহনেও সুবিধা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, দ্বিতীয় ভৈরব ও তিতাস রেলসেতুর প্রকল্প পরিচালক আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫৬৭ কোটি টাকা ব্যয়ে ভৈরব দ্বিতীয় রেলসেতু ও ১৯১ কোটি টাকা ব্যয়ে তিতাস রেলসেতু নির্মিত হচ্ছে।
এদিকে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল গতকাল দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পরিদর্শন করেন। এ সময় তাঁর পক্ষ থেকে জানানো হয়, আখাউড়ায় আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন নির্মাণ করা হবে। এ জন্য রাষ্ট্রদূত আখাউড়া ঘুরে দেখেছেন।