তিতাস খাল এখন নালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সারা বছরই পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার রোডে এভাবে পানি জমে থাকে। গতকালের ছবি l প্রথম আলো
প্রায় সারা বছরই পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার রোডে এভাবে পানি জমে থাকে। গতকালের ছবি l প্রথম আলো

তিতাস খাল। স্বাধীনতার পর খনন করা প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পরিণত হয়েছে সরু নালায়। এতে এক যুগের বেশি সময় ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে পূর্ব জুরাইনের বাসিন্দারা।

পূর্ব জুরাইনের হাজী খোরশেদ আলী সরদার রোড এলাকা থেকে তিতাস খালের শুরু। শেষ হয়েছে দনিয়ায় গিয়ে। খোরশেদ আলী সরদার রোডটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। হাজি কালা মিয়া সরদার রোড, সবুজবাগ, ওয়াসা রোড, সজীব একতা সংসদ গলি, কলেজ রোড, বাগানবাড়ি রোড, ব্যাংক কলোনি, নবীনবাগ, গ্যাস রোড, সার্কুলার রোড, কুসুমবাগ, বিড়ি ফ্যাক্টরি গলি, তিতাস খালপাড় রোড, ইসলামাবাদ (ঋষিপাড়া), কবি নজরুল ইসলাম লেন, আফসার করিম রোড, বউবাজার রোড, নুরানি মসজিদ গলি এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। প্রায় ৩০ হাজার ভোটারের এই ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা। এর সঙ্গে এলাকাটিতে পানি ও গ্যাস–সংকটও আছে। বছর তিনেক ধরে পাইপ ছিদ্র হয়ে নালায় বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। জলাবদ্ধতা থেকে বাঁচতে গলির সড়কগুলো উঁচু করা হলে বাড়িঘর নিচু হয়ে গেছে। অনেক স্থানে বিদ্যুতের তারগুলোও নিচে নেমে গেছে। এ ছাড়া ওয়ার্ডটিতে নাগরিকদের জন্য কমিউনিটি সেন্টার, পার্ক-খেলার মাঠ নেই। আছে মশা ও মাদকসেবীদের উপদ্রব।

গতকাল বুধবার এলাকাগুলো ঘুরে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তিতাস খাল

সবুজবাগ, ওয়াসা রোড, কলেজ রোড, নবীনবাগ, গ্যাস রোড, খালপাড় রোড, হাজি খোরশেদ আলী সরদার রোডের ১০ জন বাসিন্দার কাছে এলাকার প্রধান নাগরিক দুর্ভোগ বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে সবাই জলাবদ্ধতাকেই প্রথম সমস্যা বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খোরশেদ আলী সরদার রোডের বাসিন্দা আবদুল গফুর। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিতাস খাল খনন করা হয়। সে সময় এর প্রস্থ ছিল গড়ে ১৪ ফুট।তখন পূর্ব জুরাইনের প্রায় সব পানি এই খাল দিয়েই প্রবাহিত হতো। সেই সময়ে খালের পারে মানুষের চলাচলের জন্য একটি ছোট রাস্তা ছিল। দিনে দিনে সেটির প্রস্থ বাড়তে থাকে। এর সঙ্গে দখলের পরিমাণও বাড়তে থাকে। নব্বইয়ের দশকে খালে দেয়াল তুলে ১০ ফুট প্রস্থের পাকা সড়ক তৈরি করা হয়। পরে দনিয়া অংশেও রাস্তা তৈরি করা হয়। এতে খালটি তিন ফুট প্রস্থের নালায় পরিণত হয়েছে। এরপর থেকে দিনে দিনে এলাকার জলাবদ্ধতা বাড়তে থাকে। সব শেষে গত বর্ষায় এই এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে।

খোরশেদ আলী সরদার রোডের মিষ্টির দোকান এলাকা থেকে তিতাস খালের শুরু। এর পাড়ের রাস্তাটির নাম খালপাড় রোড। দেখা যায়, তিন ফুট প্রস্থের খাল ময়লা-আবর্জনায় ভরা, পানিপ্রবাহ নেই। খালের ওপর মাচা পেতে কয়েকটি দোকান বসানো হয়েছে। এক পাশের বাসিন্দারা খাল পার হওয়ার জন্য নিজ নিজ বাড়ির সামনে স্ল্যাব বসিয়েছেন। দনিয়া পর্যন্ত খালের প্রায় একই চিত্র দেখা গেছে।

দেখা যায়, হাজি খোরশেদ আলী সরদার রোডসহ কয়েকটি গলিতে পানি জমে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত নভেম্বরে হাজি খোরশেদ আলী সরদার সড়কের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে নালাগুলো পরিষ্কার করেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এরপর থেকে এই সড়কসহ আশপাশের গলিগুলোতে জলাবদ্ধতা কমেছে।

পানিসংকট

স্থানীয় বাসিন্দারা বলেন, পূর্ব জুরাইনে যখন ওয়াসার পানির সংযোগ দেওয়া হয়, তখন এই এলাকায় ২০-৩০ হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু এখন মানুষ বেড়েছে তিন গুণের বেশি। অথচ ওয়াসার পানির পাইপ বা সংযোগ আগেরগুলোই আছে।

গতকাল বিকেলে ওয়াসা রোড, খালপাড় রোড, নবীনবাগের তিনটি বাড়িতে গিয়ে পানিতে দুর্গন্ধ পাওয়া গেছে।

নবীনবাগের বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ওয়াসার লাইন ঘেঁষে অনেকেই বহুতল ভবন নির্মাণ করেছেন। অনেকে রাস্তা খুঁড়ে পানির সংযোগ নিয়েছেন। এতে অনেক স্থানে পাইপগুলো ফেটে গেছে। এতে এর ভেতর মাটি ও ময়লা ঢুকছে। বর্তমানে ওয়াসার পানি দিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজও করা যাচ্ছে না। এর মধ্যে অনেক সময় লাইনে পানিও থাকে না।

গ্যাস-সংকট

পূর্ব জুরাইনের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ ছিদ্র হয়ে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। দেখা যায়, পূর্ব জুরাইনের খোরশেদ আলী সরদার রোডে একটি বাড়ির পাশে নালা থেকে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। এ ছাড়া পূর্ব জুরাইন প্রধান সড়ক ও তিতাস খালের বিভিন্ন অংশ থেকেও বুদ্‌বুদ আকারে গ্যাস বের হতে দেখা গেছে। এতে এই এলাকার অধিকাংশ বাড়িঘরে সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকে না বলে জানিয়েছেন বাসিন্দারা।

হাজি খোরশেদ আলী সরদার রোডের বাসিন্দা খলিলুর রহমান বলেন, এই ওয়ার্ডের বিভিন্ন নালা দিয়ে দীর্ঘদিন ধরে বুদ্‌বুদ আকারে গ্যাস বের হচ্ছে। অথচ গ্যাসের চাপ কম থাকায় চুলা ঠিকমতো জ্বলে না। শীতকালে এই সংকট তীব্র আকার ধারণ করেছে।