গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডে বিস্ফোরণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা। একই সঙ্গে মালিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং কারখানাকে রক্ষার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার সকালে কারখানার পাশে টঙ্গী-ঘোড়াশাল সড়কের আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর নিচে এ মানববন্ধন হয়।
‘টাম্পাকো পুড়লো কেন, তিতাস গ্যাস জবাব চাই; ‘টাম্পাকো পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সাহায্য চাই’; ‘টাম্পাকো বাঁচলে টাম্পাকো পরিবার বাঁচবে’; ‘সুখে ছিলাম, দুঃখে আছি, আমরা টাম্পাকোকে ভালোবাসি’; ‘টাম্পাকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই, করতে হবে’ ইত্যাদি স্লোগানসংবলিত ব্যানার নিয়ে কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, কারখানার গ্যাসলাইনের ছিদ্রপথে গ্যাস নির্গত হওয়ার ঘটনার চার দিন আগে থেকে কারখানা কর্তৃপক্ষ তিতাসকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ থেকেই পরবর্তী সময়ে বিস্ফোরণ হয়ে ভবনধস ও হতাহতের ঘটনা ঘটেছে। এর জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষই দায়ী। তাদের বিচার হওয়া উচিত। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক।
এদিকে ঘটনার পাঁচ দিন পর গত বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একটি তদন্ত কমিটি গঠন করলেও গতকাল পর্যন্ত কাজ শুরু হয়নি। তদন্ত কমিটির প্রধান তিতাস গ্যাসের ঢাকা মেট্রো উত্তরের (বিপণন) মহাব্যবস্থাপক রানা আকবর হায়দারী বলেন, ‘আমি ফোনে কমিটি হওয়ার কথা জেনেছি। অফিস ছুটি থাকায় কোনো চিঠি হাতে পাইনি।’
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মীর মশিউর রহমান বলেন, টাম্পাকোতে বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে তিতাসের স্থানীয় কর্মকর্তারা পর্যবেক্ষণে আছেন। বৃহস্পতিবার তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, গ্যাসের লাইনে ছিদ্র ছিল, এমন কোনো অভিযোগ কেউ করেনি।
১০ সেপ্টেম্বর শনিবার টঙ্গী বিসিক শিল্পনগরীতে অবস্থিত টাম্পাকো ফয়েলস লিমিটেড নামের ওই কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ধসে পড়ে পাঁচতলা কারখানা ভবন এবং পাশের দুটি তিনতলা ভবন। এই কারখানায় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার তৈরি হতো। ভয়াবহ এই বিস্ফোরণে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৪ জনের। আর নিখোঁজ রয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি ধ্বংসস্তূপ অপসারণ এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা শুরু করেন সেনাসদস্যরা। উদ্ধারকাজে সেনাবাহিনীকে সহায়তা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিস্ফোরণের ঘটনায় নিহত একজনের বাবা গত সোমবার রাতে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জে শোকসভা: সিলেট প্রতিনিধি জানান, টাম্পাকোয় বিস্ফোরণে নিহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল গ্রামের চার শ্রমিকের স্মরণে শোকসভা করেছে গ্রামবাসী। গত শুক্রবার রাত আটটায় সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় ঘটনার সঙ্গে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শোকসভায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ ব্যক্তি মাহমুদ আলী।
টাম্পাকোয় বিস্ফোরণে নিহত ৩৪ জনের মধ্যে চারজন গোলাপগঞ্জের সুন্দিশাইল গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন ওয়ালি আহমদ (৩২), হাসান সিদ্দিকী (৪৮), এনামুল হক (৩৮) ও সাইদুর রহমান (৫৫)।
আর্থিক সহায়তা: নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান সাংসদ এনামুর রহমান গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন ১০ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা সহায়তা দেন।
সহযোগিতায় প্রস্তুত আইএলও: টঙ্গীতে কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থার মহাপরিচালক গাই রাইডার এক বিবৃতিতে বলেন, ওই কারখানায় বিস্ফোরণের ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। সংস্থাটির পক্ষে হতাহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন গাই রাইডার। কর্মক্ষেত্রের নিরাপত্তা বাড়াতে, প্রধানত তৈরি পোশাক খাতে সাড়ে তিন বছরে বাংলাদেশে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শ্রমিক নিরাপত্তায় আরও সহযোগিতার হাত বাড়াতে আইএলও প্রস্তুত রয়েছে।