তিতাস গ্যাস কোম্পানির ইজিএম আজ বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (পুনর্গঠনের জন্য প্রস্তাবিত) কাছে হস্তান্তর-সংক্রান্ত সাধারণ সভা (এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং—ইজিএম) নিয়ে করা রিট আবেদন খারিজ হয়েছে।বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুই শেয়ারহোল্ডারের করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার খারিজের এই আদেশ দেন।তিতাস গ্যাসের পক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে জানান, রিট খারিজ হওয়ায় রাজধানীর অফিসার্স ক্লাবে আজ বৃহস্পতিবার ইজিএম অনুষ্ঠানে বাধা নেই। তবে রিট আবেদনকারীদের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সিদ্ধান্তক্রমে ২০০৮ সালের ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ এলাকাকে আওতাভুক্ত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনর্গঠনের প্রস্তাব করা হয়। পরে পেট্রোবাংলার নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিতাস কোম্পানি আলোচ্য সম্পদের হস্তান্তর মূল্য নির্ধারণ করে এক হাজার ২০৭ কোটি ৪৫ লাখ টাকা। এই মূল্য নির্ধারণ করে ২০১০ সালের ১৪ অক্টোবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই বছরের ১৯ অক্টোবর কোম্পানির পরিচালকমণ্ডলী ওই প্রতিবেদন অনুমোদন করেন। এরপর গত ২৪ মে তিতাস গ্যাস কোম্পানির বোর্ড সভায় মূল্য নির্ধারণের বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য ৩০ জুন ইজিএমের বিজ্ঞপ্তি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২৩ জুন হাইকোর্টে রিট আবেদনটি করেন তিতাসের শেয়ারহোল্ডার মো. আলাউদ্দিন ও আবু সাঈদ। শুনানি শেষে গতকাল আদালত আবেদনটি খারিজ করে দেন।