তিতাস গ্যাসক্ষেত্রে শুরু হয়েছে ত্রিমাত্রিক জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় কোম্পানির পরিচালনাধীন সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাসে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রি-ডি সাইসমিক সার্ভে) গতকাল রোববার থেকে শুরু হয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ দল গ্যাসক্ষেত্রটির ৩৩৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই জরিপ চালাবে।ষাটের দশকে শেল অয়েল কোম্পানির আবিষ্কৃত তিতাস গ্যাসক্ষেত্রে এবারই প্রথম ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা হচ্ছে। এটি রাষ্ট্রীয় খাতের সেই পাঁচটি পুরোনো গ্যাসক্ষেত্রের একটি, যেগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে মাত্র ৪৫ লাখ পাউন্ডে কিনে রেখেছিলেন। ক্ষেত্রটি এখন পরিচালনা করছে পেট্রোবাংলার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।শুরুতে ক্ষেত্রটির মোট গ্যাস মজুদ নির্ধারণ করা হয় প্রায় তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এখন পর্যন্ত ওই পরিমাণ উত্তোলনের পরও ক্ষেত্রটির গ্যাসের চাপ ও আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, সেখানে আরও তিন টিসিএফ গ্যাসের মজুদ থাকতে পারে। তবে প্রায় আট বছর ধরে একাংশ থেকে অব্যাহত গ্যাস উদ্গীরণ ক্ষেত্রটির অনেক ক্ষতির কারণ হয়েছে।জরিপ দলের প্রধান মেহেরুল হাসান প্রথম আলোকে বলেন, উপগ্রহভিত্তিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে ডিনামাইট বিস্ফোরণ ও এর শব্দসংকেত থেকে পাওয়া তথ্য সংগ্রহের জন্য জিওফোন স্থাপনের সুনির্দিষ্ট স্থান নির্ধারণ (সার্ভেইং) শুরু করার মাধ্যমে গতকাল এই জরিপ শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে নির্ধারিত স্থানগুলোতে বিস্ফোরক স্থাপনের অবকাঠামো তৈরি এবং ২৪ ডিসেম্বর থেকে বিস্ফোরণ ও শব্দসংকেত রেকর্ড করা হবে।তবে গ্যাস উদ্গীরণের কারণে ঝুঁকি বিষয়ে মেহেরুল হাসান বলেন, বিশেষজ্ঞের পরামর্শ হচ্ছে, যে এলাকায় গ্যাস উদ্গীরণ হচ্ছে, জরিপের বিস্ফোরণ ঘটাতে হবে তা থেকে ৩০০ মিটার দূরে। কিন্তু আরও বেশি সতর্কতা হিসেবে বাপেক্স সিদ্ধান্ত নিয়েছে ৬০০ মিটার দূরে বিস্ফোরণ ঘটানোর। তাতে গ্যাস উদ্গীরণ এলাকার তথ্য পেতে সমস্যা হবে না।এই জরিপের মূল উদ্দেশ্য কোনো ক্ষেত্রে গ্যাসের প্রকৃত মজুদ নির্ণয় এবং ভূগর্ভের গ্যাসসমৃদ্ধ স্থানগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা। ত্রিমাত্রিক জরিপের ফলে একদিকে যেমন দেশে গ্যাসের প্রকৃত মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, তেমনি উন্নয়ন কূপ খননের ক্ষেত্রে কোনো কূপ গ্যাসশূন্য (ড্রাই হোল) পাওয়ার আশঙ্কা থাকবে না। বাপেক্সের বর্তমান ত্রিমাত্রিক জরিপ দলটি গত বছর রশীদপুর, কৈলাসটিলা ও হরিপুর গ্যাসক্ষেত্রে জরিপ চালিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে বিশ্লেষণের পর রশীদপুরের তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে সেখানে গ্যাসের মজুদ অনেক বেশি আছে বলে জানা গেছে।