তিতাস গ্যাসক্ষেত্রে ১৭তম কূপ খনন শুরু করেছে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তম তিতাস গ্যাসক্ষেত্রে গতকাল শুক্রবার বিকেলে একটি নতুন উন্নয়ন কূপ খনন শুরু করেছে বাপেক্স। বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) পরিচালনাধীন এই ক্ষেত্রটিতে এটি হবে ১৭তম কূপ।আগামী নভেম্বর মাসের মধ্যে খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন প্রায় তিন কোটি (৩০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উৎপাদিত হবে। এরপর এই গ্যাসক্ষেত্রে ১৮তম উন্নয়ন কূপ খননের কাজও বাপেক্সই করবে।১৭তম কূপটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার শিমরাইলে। বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান গতকাল বিকেল সাড়ে চারটায় কূপটির খননকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিস্তীর্ণ এলাকায় গ্যাস উদ্গীরণের কারণে দীর্ঘদিন তিতাস গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন বন্ধ রাখার পর পরিচালিত দ্বিমাত্রিক জরিপের ভিত্তিতে কূপ দুটি খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, তিতাস গ্যাসক্ষেত্রে নতুন করে গ্যাসের মজুদ নির্ধারণ এবং আরও নতুন কূপের স্থান (লোকেশন) চিহ্নিত করতে বাপেক্স ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করেছে। বর্তমানে ওই জরিপের উপাত্ত বিশ্লেষণের কাজ চলছে।সরকারি সূত্র জানায়, ত্রিমাত্রিক জরিপের ফলাফলের ভিত্তিতে তিতাস গ্যাসক্ষেত্রে আরও আটটি নতুন কূপ খনন করবে বিজিএফসিএল। এর মধ্যে চারটি করা হবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। বাকি চারটি করবে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম।বর্তমানে তিতাস ক্ষেত্রের ১৫টি কূপ থেকে (১৬ নম্বর কূপে উৎপাদন বন্ধ) প্রতিদিন মোট ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। তিতাসসহ বিজিএফসিএলের পরিচালনাধীন পাঁচটি ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৭৪ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।