তিতাস গ্যাসক্ষেত্রের ১৭ নম্বর কূপের খনন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের আরও একটি নতুন কূপের (১৭ নম্বর) খননকাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে এ কূপ থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) সূত্রে জানা গেছে, বিজিএফসিএলের নিজস্ব অর্থায়নে গত ৩১ আগস্ট শহরের শিমরাইলকান্দি এলাকায় ওই কূপটির খননকাজ শুরু হয়। নভেম্বর মাসে ড্রিলিং পাইপ দু হাজার ৭০০ ফুট গভীরে গিয়ে আটকে যাওয়ায় খননকাজ বিলম্বিত হয়। খনন শেষে গতকাল সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান ও মহাব্যবস্থাপক মোস্তফা কামাল, কোম্পানির প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণের ফলাফল অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিগগিরই জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা অনেকাংশে পূরণ হবে। তিনি আরও জানান, জুন মাসের মধ্যে আরও তিনটি কূপের খননকাজ শেষ করা হবে। এর দুটি তিতাস গ্যাসক্ষেত্রে, অপরটি বাখরাবাদে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বর্তমানে এর আওতাধীন পাঁচটি গ্যাসক্ষেত্রের ৩২টি কূপ থেকে দৈনিক প্রায় ৭৬১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে, যা দেশের মোট উৎপাদনের ৩৮ শতাংশ।