তিতাস থেকে বালু তুলছেন আওয়ামী লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সীমান্তবর্তী কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামসংলগ্ন তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ছাত্রলীগের নেতার পর এবার আওয়ামী লীগের নেতারা অবৈধভাবে এই বালু তুলছেন।এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্যালো ইঞ্জিনচালিত দুটি যন্ত্র দিয়ে বালু তুলছেন উপজেলা ছাত্রলীগের সদস্য ওমর ফারুক ও আওয়ামী লীগের নেতারা। একটি যন্ত্র দিয়ে ওমর ফারুক এবং অন্যটি দিয়ে উপজেলার দুলালপুর ইউনিয়নের ঝগড়ারচর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরু মিয়া, সহসভাপতি মো. মাতু মিয়া, ইউপির সাবেক সদস্য শাহাবুদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মো. ইয়ামিন বালু তুলছেন।এর আগে ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তিতাস নদীর বাঞ্ছারামপুর উপজেলার অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। গত ২৫ এপ্রিল বাঞ্ছারামপুর থানার পুলিশ বালু তোলার যন্ত্রটি জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওমর ফারুককে এক লাখ টাকা জরিমানা ও উত্তোলন করা এক লাখ ২১ হাজার ঘনফুট বালু জব্দ করেন।এলাকাবাসীর অভিযোগ, ওমর ফারুককে জরিমানা করার পর তিনি বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলার ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে নদীর সীমানা নির্ধারণের ব্যবস্থা করেন। গত ২ মে বাঞ্ছারামপুর ও হোমনা উপজেলার ভূমি কার্যালয়ের উদ্যোগে তড়িঘড়ি করে নদীর সীমানা নির্ধারণ করা হয়। এ সময় দুটি উপজেলার কানুনগো, সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদারেরা উপস্থিত ছিলেন।সীমানা নির্ধারণের পর দেখা যায়, ওমর ফারুক যেখান থেকে বালু তুলছেন, তা বাঞ্ছারামপুর সীমানায় ছিল। পরে ওমর ফারুক ও আওয়ামী লীগের ওই চার নেতা ওই জায়গা থেকে একটু দূরে হোমনার জায়গা থেকে বালু তোলা শুরু করেন।এলাকাবাসী আরও অভিযোগ করেন, তাঁদের ধারণা, নিজের এলাকার বাইরে বালু উত্তোলন করলে তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। এ কারণে তাঁরা সেখান থেকে বালু তুলছেন। এ ব্যাপারে ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। মাতু মিয়া বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনের জন্য আমরা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা ভূমি কার্যালয়ে একটি আবেদন করেছি। কিন্তু তারা বালু উত্তোলনের অনুমতি দেয়নি।’ অনুমতি না পাওয়ার পর তাঁরা কেন বালু উত্তোলন করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের লোকজন নিয়াই বালু তুলতাছি। শাহাবুদ্দিন, নুরু, ইয়ামিনসহ আমরা চারজনে মিলে ওই বালু তুলতাছি। লাভ হইলে সবাই পামু। এ কারণে বালু তুলতাছি।’দুলালপুর ইউনিয়নের তহশিলদার মোশারফ হোসেন বলেন, ‘তিতাস নদীর দুই স্থান থেকে বালু তুলছেন স্থানীয় কিছু লোক। গত বুধবার আমার অফিসের লোক পাঠিয়ে তাঁদের বালু তুলতে নিষেধ করেছি। এর পরও তাঁরা বালু তোলা বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াছমিন বলেন, ‘ওমর ফারুক তাঁদের সঙ্গে কোনো আঁতাত করেননি। স্থানীয় লোকজনের চাহিদার কারণে ওই দুই উপজেলার মধ্যে নদীর সীমানা নির্ধারণ করেছি। নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নাই। বালু উত্তোলনের ঘটনা ঘটে থাকলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।’