তিতাস নদ থেকে বালু উত্তোলনের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনায় তিতাস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মিলেছে। উপজেলার তেভাগিয়া গ্রামসংলগ্ন তিতাস নদ এলাকায় এ বালু উত্তোলন করা হয়েছে।
বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে সুপারিশ করে প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা। উপজেলা সার্ভেয়ার আবদুর রহমান এ তদন্ত করেন।
আবদুর রহমান জানান, বালু উত্তোলনের বিষয়ে স্থানীয় এক ব্যক্তি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।
ইউএনও আহমেদ জামিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানার পুলিশকে দ্রুত নির্দেশ দেওয়া হবে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, তেভাগিয়া গ্রামসংলগ্ন তিতাস নদ থেকে খোদেদাদপুর গ্রামের মধু মিয়া শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করেছেন। তদন্তের সময়েও অন্তত ২০ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে।
জানতে চাইলে মধু মিয়া বলেন, ‘তিতাস নদে ড্রেজার দিয়া কিছু বালু উঠাইছি। বালু তেমন ওঠে না। ইঞ্জিনডা নষ্ট হইয়া গেছে। মালপত্র আনছি। ঠিক কইরা আরও বালু তুলতে অইব।’