তিতাস নদী থেকে ছয় মাসেও ঘের অপসারণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) চিঠি দিয়ে অনুরোধ জানানোর ছয় মাসেও তিতাস নদী থেকে ঘের উচ্ছেদ করা হয়নি। বিআইডব্লিউটিএ গত বছরের নভেম্বরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ অনুরোধ জানায়।জানা গেছে, তিতাস নদীতে গাছপালা, জাল, বাঁশ, রশি ফেলে ঘের তৈরির কারণে স্রোত বাধাগ্রস্ত হয়ে পলি জমে নদীটি নাব্যতা হারাচ্ছে এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ এবং কুমিল্লার হোমনার ঘাগুটিয়া লঞ্চঘাট থেকে বাঞ্ছারামপুরের জয়কালিপুর পর্যন্ত তিতাস নদীর বিভিন্ন স্থানে লোকজন ঘের দিয়ে দখল করে রেখেছেন। এসব ঘের উচ্ছেদ করতে বিআইডব্লিউটিএর সদর দপ্তরের ঊর্ধ্বতন উপপরিচালক জয়নাল আবেদীন গত বছরের নভেম্বরে কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাঞ্ছারামপুর ও হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘের অপসারণের অনুরোধ জানান।হোমনা থানার ওসি জলিল আহম্মেদ বলেন, ‘বিআইডব্লিউটিএ থেকে কোনো অনুরোধ এসেছে কি না তা আমার জানা নেই।’ হোমনার ইউএনও হেলাল হোসেন বলেন, যেহেতু দুই জেলা দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে, সে কারণে দুই জেলার সমন্বয়ে ঘের উচ্ছেদ করতে হবে।বাঞ্ছারামপুরের ইউএনও এ টি এম কাউছার হোসেন বলেন, ‘ঘের উচ্ছেদের বিষয়ে কোনো চিঠি এসেছে কি না তা জেনে ব্যবস্থা নেওয়া হবে।’ কুমিল্লার পুলিশ সুপার টুটুল চাকমা বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না।’ কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসান বলেন, তিতাস নদী থেকে ঘের উচ্ছেদের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে হোমনার ইউএনও ভালো বলতে পারবেন।