তিতাস-১৮ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ১৮ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স। গতকাল মঙ্গলবার সকাল থেকে কূপটি থেকে দেড় কোটি ঘনফুট (১৫ মিলিয়ন) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গত জুলাই মাসে উত্তোলন শুরু হওয়ার কথা থাকলেও কিছু কারিগরি সমস্যার কারণে তা হয়নি।এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় বর্তমান সরকারের আমলে জাতীয় গ্রিডে নতুন গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫৭ কোটি (৫৭০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত হলো। কিন্তু চাহিদা ও সরবরাহের মধ্যে এখনো ব্যবধান ৪০ কোটি ঘনফুটের বেশি।রাষ্ট্রীয় বৃহত্তম উত্তোলন কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) পরিচালনাধীন এই ক্ষেত্রটি দেশের সবচেয়ে সমৃদ্ধ গ্যাসক্ষেত্র। ষাটের দশক থেকে ক্ষেত্রটি দিয়ে নিরবচ্ছিন্নভাবে গ্যাস তোলা হচ্ছে। এর মজুত আরও অনেক দিন ব্যবহার করা যাবে। এই গ্যাসক্ষেত্রে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমের খনন করা ২০ নম্বর কূপটি থেকেও চলতি মাসের মধ্যে উত্তোলন শুরু হবে। এরপর কোম্পানিটি সেখানে আরও তিনটি (১৯, ২১ ও ২২ নম্বর) কূপ খনন করবে। নতুন চালু হওয়া ১৮ নম্বর কূপটিসহ তিতাস গ্যাসক্ষেত্রে কূপের সংখ্যা ১৭টি। ক্ষেত্রটি থেকে প্রতিদিন গ্যাস উত্তোলন করা হচ্ছে ৪৮ কোটি (৪৮০ মিলিয়ন) ঘনফুট গ্যাস। এর সঙ্গে পাওয়া যাচ্ছে প্রায় ৪০০ ব্যারেল কনডেনসেট (গ্যাসের সঙ্গে ওঠা তরল যা অকটেন, পেট্রল, এলপি গ্যাস প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়)।জানতে চাইলে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ১৮ নম্বর কূপটিতে গ্যাসের চাপ আশাব্যঞ্জক। গতকাল উত্তোলন শুরু করার পর থেকে এক হাজার ৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে এক হাজার ৭০০ পাউন্ড) চাপে দেড় কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ক্রমান্বয়ে এই চাপ এবং সরবরাহের পরিমাণ বেড়ে আড়াই থেকে তিন কোটি ঘনফুটে উন্নীত হবে।সংশ্লিষ্ট ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীরা বলেন, তিতাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বৃদ্ধি পাওয়ার একটি বিশেষ সুবিধা হলো ওই গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা যাবে, যেখানে চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া যাচ্ছে না। গ্যাসের অভাবে সেখানে বিদ্যুৎ, সার ও শিল্প উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে।ঘাটতি দূর করতে বাপেক্স ও রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম আরও ১১টি নতুন কূপ খনন ও কতগুলো কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) চালাচ্ছে। এ ছাড়া মার্কিন কোম্পানি শেভরনও বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়াচ্ছে। পেট্রোবাংলার পরিকল্পনা অনুযায়ী, এসব কাজ সম্পন্ন হলে আগামী বছরের (২০১৪ সাল) শেষ নাগাদ দেশে প্রতিদিন গ্যাস সরবরাহের পরিমাণ ৩০০ কোটি ঘনফুট ছাড়িয়ে যাবে। বর্তমানে দৈনিক প্রায় ২৭০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ ২২৭ কোটি ঘনফুটের মতো।