তিতাসে আগুনে পুড়ে তিন বছরের শিশুর মৃত্যু
কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে কেরোসিনের বাতি (স্থানীয়ভাবে কুপি বলা হয়) থেকে আগুন লেগে মো. ইয়ামিন হোসেন নামের তিন বছরের এক শিশু মারা গেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারটি দাবি করেছে।
তিতাস থানা-পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার মনাইরকান্দি গ্রামের ছাদেক মিয়ার দোচালা টিনের বসতঘরে কেরোসিনের বাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা ছাদেক মিয়ার স্ত্রী নাছিমা আক্তার ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু ঘুমে থাকা তিন বছরের শিশু ইয়ামিনকে সঙ্গে আনতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছাদেক মিয়ার বসতঘর ভস্মীভূত হয় এবং ইয়ামিনও পুড়ে মারা যায়।
ইয়ামিন ছাদেকের চতুর্থ সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তিতাস থানার ওসি মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।