তিতাসে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার কালাই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কতিপয় লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে ভোট নেওয়া স্থগিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন সরকারের পক্ষের লোকজন এসে ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ঢোকাচ্ছিল।  এ কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ভোট গ্রহণ আপাতত স্থগিত আছে। এ ব্যাপারে  পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পূর্ব কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন সরকার ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে বেলা সোয়া ১১টা থেকে এক ঘণ্টা ১০ মিনিট ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরিস্থিতি শান্ত হলে আবার ভোট নেওয়া শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা বায়েজিদ উল্লাহ বলেন, পরিস্থিতি শান্ত হলে দুপুর ১২টা ২৫ মিনিটে আবার ভোট নেওয়া শুরু হয়।