তিতাসে এম কে আনোয়ারের ব্যানার পুড়িয়েছে দুর্বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও স্থানীয় সাংসদ এম কে আনোয়ারের ছবিসংবলিত ডিজিটাল ব্যানার পুড়িয়ে দিয়েছে স্থানীয় এক দুর্বৃত্ত। গতকাল রোববার ভোরে ওই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।জানা যায়, ২৬ মে তিতাস উপজেলার বাতাকান্দিতে বিএনপির জনসভা ডাকা হয়। ওই জনসভা উপলক্ষে এম কে আনোয়ারের নামে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন লাগান। গতকাল ভোরে মাছিমপুর বাজারে মো. সাজন মিয়া নামের এক ব্যক্তি একটি ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেন। সাজন আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। ঘটনার পর থেকে সাজন পলাতক। ওই খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এদিকে ওই ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাছিমপুর বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া প্রমুখ।এ ব্যাপারে মো. সাজনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।