তিতাসে কামাল হত্যায় জড়িতদের বিচার দাবি
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাছিমপুর বাজারে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
একই দিন সন্ধ্যা ছয়টায় উপজেলার নাগেরচর মধ্যপাড়া জামে মসজিদ-সংলগ্ন মাঠে সমাজসেবক এম এ ছালাম ভূঁইয়ার সভাপতিত্বে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়।
বিকেল পাঁচটায় আয়োজিত মানববন্ধনে মাছিমপুর আরআর ইনস্টিটিউশনের দুই হাজার শিক্ষার্থীসহ ওই এলাকার অন্তত তিন হাজার মানুষ অংশ নেন। এ ছাড়া এই কর্মসূচিতে নিহত ব্যক্তির বড় ভাই প্রকৌশলী মোজাম্মেল হক, হোমনা ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক মনোয়ার হোসেন, মো. মোস্তফা আহম্মেদ, মো. হানিফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এই কর্মসূচি থেকে বলরামপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মদ ভূঁইয়াসহ হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের দিন বিএনপি নেতা-কর্মীদের হাতে কামাল উদ্দিন খুন হন। তিনি এ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ ঘটনায় নিহত কামালের স্ত্রী আসমা কামাল বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে তিতাস থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মে বেলা পৌনে তিনটায় উপজেলার নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহাম্মদ ভূঁইয়াসহ তাঁর সমর্থকেরা কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তিতাস থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আব্দুন নূর বলেন, এ মামলার ৯৫ জন আসামির মধ্যে এজহারনামার তিনজনকে গ্রেপ্তার ও আরও দুজনকে আটক করা হয়েছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে।