তিতাসে গৃহবধূ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার চার দিন পর কুমিল্লার মেঘনা উপজেলার কাছারিকান্দি গ্রামের গৃহবধূ মুক্তা আক্তারের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। ওই মামলার দুই আসামিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মুক্তার (১৮) লাশ উদ্ধারের পর তাঁর মা আমিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মেঘনা থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই দিন বিকেলে ওই মামলার আসামি মুক্তার নানিশাশুড়ি উপজেলার বাঘাইকান্দি গ্রামের আনোয়ারা বেগম (৬৫) ও তাঁর (মুক্তার) দেবর ওয়াসিম মিয়ার বন্ধু উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) শুকান্ত সাহা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মুক্তা আক্তারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।