তিতাসে তিনজনকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলায় দুই ব্যবসায়ীসহ তিনজনকে কুপিয়ে দুই লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। উপজেলার খানেবাড়ী গোবিন্দপুর গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের পরিবার সূত্র জানায়, খানেবাড়ী গোবিন্দপুর গ্রামের কাপড় ব্যবসায়ী ও কলাকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হরিপদ সাহা ঈদুল ফিতরের জন্য দোকানের কাপড় আনতে বাড়িতে দুই লক্ষাধিক টাকা রাখেন। পাশের গ্রামের বখাটে বাবুল মিয়া টাকা রাখার বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গীদের নিয়ে হরিপদের বাড়িতে হামলা চালান। তাঁরা নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যাওয়ার সময় হরিপদ তাঁদের বাধা দেন। এ সময় বাবুল ও তাঁর সঙ্গীরা দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হরিপদ, তাঁর বোনের দুই ছেলে কলেজছাত্র কানু পোদ্দার ও ব্যবসায়ী সুবল পোদ্দারকে আহত করেন। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত কানুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যবসায়ী হরিপদ সাহা বলেন, বাবুল মিয়া আগেও খানেবাড়ী গোবিন্দপুর গ্রামের সহকারী শিক্ষিকা দোলন রায়কে দিনদুপুরে কুপিয়ে জখম করেন। বাবুল ওই মামলারও আসামি। তিতাস থানার ওসি নূরুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।