তিতাসে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে গতকাল শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি শটগানের ফাঁকা গুলি ছোড়ে।পুলিশ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দুই চাচাতো ভাই ফারুক মিয়া সরকার ও শাহ আলমের অনুসারীদের এ সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ টেঁটা ব্যবহার করে। পরে দুই পক্ষ পাল্টাপাল্টি গুলিবর্ষণও করেছে।স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, খবর পেয়ে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫টি শটগানের ফাঁকা গুলি ছোড়ে।এ ঘটনার জন্য বিবদমান দুটি পক্ষ পরস্পরকে দায়ী করেছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নুরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ফারুক মিয়া সরকারের লোকজন প্রথমে শাহ আলমের লোকজনের বাড়িতে হামলা ও লুটপাট করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষই গুলিবর্ষণ ও টেঁটা ব্যবহার করে।