তিতাসে বিএনপির সভাস্থলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইভা কিন্ডারগার্টেন স্কুলমাঠে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপি এবং যুবলীগ সভা ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। গতকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বলবৎ ছিল।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর এক সমাবেশ থেকে উপজেলা বিএনপি ঈদ পুনর্মিলনী উপলক্ষে ২০ নভেম্বর (গতকাল শনিবার) সকাল ১০টায় কড়িকান্দির ইভা কিন্ডারগার্টেন স্কুলমাঠে সভা আহ্বান করে। কিন্তু গত শুক্রবার রাতে হঠাৎ করে শনিবার একই সময় সেখানে সমাবেশ ডাকে উপজেলা যুবলীগ। এ অবস্থায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। বিএনপির ওই সভায় স্থানীয় সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘একই সময়ে ওই স্থানে দুই সংগঠন সমাবেশ ডাকায় সংঘাতের আশঙ্কায় আমরা সেখানে ১৪৪ ধারা জারি করেছি। কড়িকান্দিতে সমাবেশ করার ব্যাপারে বিএনপি ও যুবলীগ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তবে যুবলীগ সমাবেশ করার জন্য গত শুক্রবার রাতে একটি লিখিত আবেদন করেছে।’