তিতাসে ব্যাংকের ট্রেজারি কার্যক্রম চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাসে সোনালী ব্যাংকে ট্রেজারি কার্যক্রম চালুর দাবিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। উপজেলা কমপ্লেক্স-সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপজেলার ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষক অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির তিতাস উপজেলা সভাপতি শাখাওয়াত হোসেন। বক্তব্য দেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদিউল আলম ভূঁইয়া, উপজেলার বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইনুল নাহার, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেহেনা আক্তার, দড়িকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা ফিরদাউস প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে তিতাস উপজেলা প্রতিষ্ঠিত হয়। তার এক বছর আগে এখানে সোনালী ব্যাংকের শাখার কার্যক্রম চালু হয়। কিন্তু আজ পর্যন্ত এ শাখায় ট্রেজারির কার্যক্রম চালু না হওয়ায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁদের পাশের দাউদকান্দি উপজেলায় গিয়ে ট্রেজারির কাজ করতে হয়। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন না চলায় শিক্ষকদের পায়ে হেঁটে সেখানে যেতে হয়।
উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষকেরা সোনালী ব্যাংকের তিতাস শাখায় অবিলম্বে ট্রেজারি কার্যক্রম চালু করার দাবি জানান। তা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচির হুমকি দেন।
জানতে চাইলে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকিমা বেগম বলেন, এই মুহূর্তে উপজেলা প্রশাসনের কিছু করার নেই। কারণ, ট্রেজারি শাখার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের তিতাস শাখার ব্যবস্থাপক দেওয়ান আলাউদ্দিন আহম্মেদ বলেন, সংশ্লিষ্ট নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে অনুমোদনও দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক গেজেট প্রকাশ করলেই ট্রেজারি কার্যক্রম চালু করা যাবে।