তিতাসের অবৈধ এক হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলার তিনটি গ্রামে অভিযান চালানো হয়েছে। এ সময় চার কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ ও এক হাজারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পুলিশ জানায়, গাজীপুরের বিভিন্ন গ্রামে কয়েক হাজার অবৈধ গ্যাসসংযোগ রয়েছে। অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফীন রেজওয়ানের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার চত্বর, ভাগলবাড়ি ও চান্দনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার কিলোমিটার অবৈধ গ্যাসপাইপ লাইনের প্রায় এক হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আদালত পরিচালনা করার খবর পেয়ে অবৈধ ব্যবহারকারীরা পালিয়ে যান।
অভিযানে তিতাসের গাজীপুর কার্যালয়ের উপব্যবস্থাপক শাহাবুদ্দিন আহমেদ, সাব্বির হোসেন, সাফিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মোকসেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তিতাসের গাজীপুর কার্যালয়ের উপব্যবস্থাপক তোরাব হোসেন বলেন, অবৈধ লাইন বিচ্ছিন্ন করার এই অভিযান অব্যাহত থাকবে।